চীনের ইনার মঙ্গোলিয়ার হুলুনবুইর সিটিতে অনুষ্ঠিত পুরুষ জুনিয়র এশিয়া কাপ হকি টুর্নামেন্টে নিজেদের প্রথম জয়ের মুখ দেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। মঙ্গলবারের পুলে নিজেদের তৃতীয় ম্যাচে কাজাখস্তানকে ৪-২ গোলের ব্যবধানে পরাজিত করেছে লাল-সবুজের প্রতিনিধিরা।
চীনের কাছে ৩-২ এবং মালয়েশিয়ার কাছে ৪-২ গোলে হেরে টুর্নামেন্ট শুরু করা বাংলাদেশ দল আজ শুরু থেকেই আক্রমণাত্মক খেলে। ম্যাচের ৩য় মিনিটে শিমুল ইসলাম পেনাল্টি কর্নার থেকে গোল করে বাংলাদেশকে ১-০ গোলে এগিয়ে দেন।
তবে বাংলাদেশের এই আনন্দ বেশি সময় স্থায়ী হয়নি। ৭ম মিনিটে ফিল্ড গোল করে কাজাখস্তানকে ১-১ সমতায় ফেরান ইয়েরালি কাইরাতুলি।
দ্বিতীয় কোয়ার্টারে মেহেদী হাসানের দুর্দান্ত ফিল্ড গোলে পুনরায় ম্যাচে লিড নেয় বাংলাদেশ। ম্যাচের ৩৩তম মিনিটে তৈয়ব আলীর আরেকটি চমৎকার ফিল্ড গোলে ৩-১ ব্যবধানে এগিয়ে গিয়ে ম্যাচটি পুরোপুরি নিয়ন্ত্রণে নেয় তারা।
কাজাখস্তানও সহজে ছেড়ে দেওয়ার পাত্র ছিল না। ৩৬তম মিনিটে আরসেন ঝানাত একটি গোল পরিশোধ করে ব্যবধান ৩-২ এ নামিয়ে আনেন, যা ম্যাচের উত্তেজনা বজায় রাখে।
অবশেষে ৪র্থ ও শেষ কোয়ার্টারে জয়ের বার্তা নিশ্চিত করে বাংলাদেশ। ৫০তম মিনিটে মুন্না ইসলাম পেনাল্টি থেকে গোল করে বাংলাদেশকে ৪-২ এর ব্যবধানে এগিয়ে দেন, যা কাজাখস্তানের জন্য ম্যাচ ফেরার পথ বন্ধ করে দেয়।
গ্রুপ পর্বের শেষ ম্যাচে আগামীকাল শক্তিশালী পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের পরেই টুর্নামেন্টে চূড়ান্ত অবস্থান নির্ধারণী ম্যাচে নামবে লাল-সবুজরা।




