মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

বেসরকারি বিনিয়োগের পথে বিগ ব্যাশ, বিক্রি হচ্ছে রেনেগেডস

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৮ পিএম

শেয়ার করুন:

বেসরকারি বিনিয়োগের পথে বিগ ব্যাশ, বিক্রি হচ্ছে রেনেগেডস

অস্ট্রেলিয়ার ফ্ল্যাগশিপ টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের ঐতিহাসিক সিদ্ধান্ত গ্রহণ করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। মঙ্গলবার নিশ্চিত করা হয়েছে যে, ২০২৭-২৮ মৌসুম থেকে মেলবোর্ন রেনিগেডস ফ্র্যাঞ্চাইজিটি বিক্রির মাধ্যমে বিবিএলে বেসরকারি মালিকানার যাত্রা শুরু হবে।

এর আগে এপ্রিলে ৪৯ শতাংশ শেয়ার এবং নির্দিষ্ট রাজ্যে ১০০ শতাংশ মালিকানা হস্তান্তরের প্রথম প্রস্তাবটি নিউ সাউথ ওয়েলস ও কুইন্সল্যান্ড ক্রিকেট বোর্ডের বিরোধিতায় বাতিল হয়ে গিয়েছিল। তবে এবার স্বায়ত্তশাসিত মডেলে প্রতিটি রাজ্যকে তাদের নিজস্ব ক্লাবের জন্য সর্বোত্তম পথ বেছে নেওয়ার স্বাধীনতা দিয়ে নতুনভাবে বিডিং প্রক্রিয়ার আহ্বান জানানো হয়েছে।

সিএ চেয়ারম্যান মাইক বেয়ার্ড এক বিবৃতিতে জানান, "বিগ ব্যাশ লিগে বেসরকারি বিনিয়োগের দরজা খুলে দিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া ক্রিকেটের দীর্ঘমেয়াদি ভবিষ্যৎ শক্তিশালী ও সুরক্ষিত করার জন্য একটি সুচিন্তিত পদক্ষেপ গ্রহণ করেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, সিএ এবং এর সদস্যরা অস্ট্রেলিয়ান ক্রিকেট পরিচালনার মূল বিষয়গুলোর ওপর পূর্ণ নিয়ন্ত্রণ বজায় রাখবে।"

২০২৪-২৫ অর্থবছরে ভারতের বিপক্ষে লাভজনক পাঁচ টেস্টের সিরিজ আয়োজন করা সত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়া ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলারের নিট ঘাটতির মুখে পড়ে। এই ফ্র্যাঞ্চাইজি প্রাইভেটাইজেশনের মাধ্যমে প্রায় ৬০০ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৪৩২ মিলিয়ন মার্কিন ডলার) সংগ্রহের লক্ষ্য নির্ধারণ করেছে সিএ, যা বৈশ্বিক টি-টোয়েন্টি বাজারের তীব্র প্রতিযোগিতায় টুর্নামেন্টটির অবস্থান ধরে রাখতে সহায়তা করবে।

অস্ট্রেলিয়ার অভ্যন্তরীণ কিছু প্রভাবশালী ব্যক্তিত্ব লিগে বেসরকারি মূলধন আনার বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন। বিশেষ করে বিশ্বের বিভিন্ন টি-টোয়েন্টি লিগে আইপিএল (ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ) মালিকদের ক্রমবর্ধমান আধিপত্যের কারণে স্থানীয় নিয়ন্ত্রণ হারানোর আশঙ্কা করেছিলেন অনেকে।

তবে ক্রিকেট অস্ট্রেলিয়ার সিইও টড গ্রীনবার্গ নিশ্চিত করেছেন যে, "ভারত বিশ্ব ক্রিকেটের একটি বড় অংশ, কিন্তু আমরা সম্পূর্ণ খেলাটি ভারতের কাছে বিক্রি করতে যাচ্ছি না। আমরা আমাদের ক্লাবগুলোর মূল্য বাড়াতে এবং ভালো পার্টনার আনতে চাচ্ছি।"

উল্লেখ্য, মেলবোর্ন রেনিগেডস (২০১৮-১৯ মৌসুমের চ্যাম্পিয়ন) এবং পার্থ স্কোর্চার্সের মধ্যকার আগামী ডিসেম্বরের নতুন বিবিএল মৌসুমের উদ্বোধনী ম্যাচটি ভারতের চেন্নাই শহরে অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে জানিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর