গত দুই মৌসুম ধরে শিরোপাহীন রিয়াল মাদ্রিদ। ঘরোয়া প্রতিযোগীতা হোক বাঁ নিজেদের প্রিয় চ্যাম্পিয়ন্স লিগ- কোনোটিতেই সুবিধা করে উঠতে পারছেন না লস ব্লাঙ্কোসরা। তবে চলতি মৌসুম শুরুর আগে দলে ব্যাপক পরিবর্তন এসেছে। সেই সঙ্গে কোচ হিসেবে ফিরেছেন হোসে মরিনিয়ো। পর্তুগীজ এই মাস্টারমাইন্ডের অধীনেই ইউরোপ সেরার মুকুট পুনরুদ্ধারের মিশন আজ শুরু করছেন কিলিয়ান এমবাপেরা।
মঙ্গলবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ২০২৬-২৭ মৌসুমের প্রথম হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং ইতালিয়ান পরাশক্তি ইন্টার মিলান।
২০১০ সালে এই ইন্টার মিলানকে সান্তিয়াগো বার্নাব্যুর মাঠেই চ্যাম্পিয়নস লিগ ট্রফি জিতিয়েছিলেন মরিনিয়ো। এরপর রিয়াল মাদ্রিদে প্রথম মেয়াদে যোগ দেওয়ার দীর্ঘ ১৬ বছর পর, ফের মাদ্রিদের দ্বিতীয় মেয়াদের দায়িত্বে থেকে চ্যাম্পিয়নস লিগ মিশন শুরু করছেন এই 'স্পেশাল ওয়ান'। তবে প্রতিপক্ষ হিসেবে এবার তাঁর সামনে ইন্টার মিলানের দায়িত্বে আছেন ক্রিস্টিয়ান কিভু- যিনি ২০১০ সালে মরিনিয়োর সেই ঐতিহাসিক ট্রেবলজয়ী ইন্টার দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন।
২০২৪ সালের চ্যাম্পিয়নস লিগ জয়ের পর ঘরোয়া ফুটবলে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার কাছে শিরোপা হারানো এবং ইউরোপিয়ান মঞ্চে টানা দুই মৌসুমে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নেওয়া রিয়াল মাদ্রিদের জন্য এই মৌসুমটি ঘুরে দাঁড়ানোর বড় পরীক্ষা। অন্যদিকে, গত মৌসুমে হতাশাজনক বিদায়ের পর ইন্টার মিলানও ইউরোপে নিজেদের আধিপত্য পুনরায় প্রতিষ্ঠার লক্ষ্যে মাঠে নামছে।
ম্যাচের আগে চোট ও নিষেধাজ্ঞার কারণে দল গঠনে বেশ বেগ পেতে হচ্ছে মরিনিয়োকে। কার্ডজনিত নিষেধাজ্ঞার কারণে বাইরে আছেন বের্নার্দো সিলভা, এদুয়ার্দো কামাভিঙ্গা এবং আরদা গুলের। ইনজুরির কারণে দলে নেই চুয়ামেনি, এন্দ্রিক, রদ্রিগো এবং রাউল আসেন্সিও।
ডিফেন্সে এদের মিলিতাও ইনজুরি কাটিয়ে ওঠার পথে থাকায় ইব্রাহিমা কোনাতে এবং ডিন হাউসেনের ওপরই ভরসা রাখছেন মরিনিয়ো। ডানপ্রান্তে ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ডের বদলে ডেনজেল ডামফ্রিসকে শুরুর একাদশে দেখা যেতে পারে। মধ্যমাঠে দায়িত্ব সামলাবেন ফেদেরিকো ভালভের্দে ও জুড বেলিংহাম, আর উইঙে প্রথমবারের মতো শুরু থেকে সুযোগ পেতে পারেন ইতিহাসসেরা দামি আফ্রিকান ফরোয়ার্ড ইয়ান দিওমান্দে।
অন্যদিকে ইন্টার মিলানের ফ্রেদেরিকো দিমার্কো চোটে পড়ায় তাঁর জায়গায় খেলবেন কার্লোস অগস্তো। আক্রমণভাগে মার্সেলো থুরামকে দেখা যেতে পারে লাউতারো মার্তিনেসের সঙ্গী হিসেবে।
রিয়ালের হয়ে ২৫ ম্যাচে ২২টি চ্যাম্পিয়নস লিগ গোল করা কিলিয়ান এমবাপের সামনে রয়েছে নতুন মাইলফলক। ইন্টারের বিপক্ষে দুটি গোল করতে পারলে তিনি রিয়াল মাদ্রিদ কিংবদন্তি রাউল গঞ্জালেসকে টপকে চ্যাম্পিয়নস লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় পাঁচ নম্বরে উঠে আসবেন।
সম্ভাব্য শুরুর একাদশ
রিয়াল মাদ্রিদ-
কোর্তোয়া (গোলরক্ষক); ডামফ্রিস, কোনাতে, হাউসেন, কুকুরেয়া; ভালভের্দে, বেলিংহাম; দিওমান্দে, দিয়াস, ভিনিসিউস জুনিয়র; এমবাপ্পে।
ইন্টার মিলান-
জে. মার্তিনেস (গোলরক্ষক); বিসেক, আকানজি, বাস্তোনি; দিউফ, বারেল্লা, চালহানোলু, জিলিন্সকি, অগস্তো; এল. মার্তিনেস, থুরাম।




