আতলেতিকো মাদ্রিদে কঠিন সময় পার করা জাতীয় দলের সতীর্থ হুলিয়ান আলভারেজের পাশে দাঁড়িয়েছেন আর্জেন্টিনা ও ইন্টার মিলানের তারকা স্ট্রাইকার লাউতারো মার্তিনেজ। গ্রীষ্মকালীন দলবদলে আতলেতিকো ছাড়ার ইচ্ছা প্রকাশের পর তৈরি হওয়া অনিশ্চয়তার মধ্যে আলভারেজকে ব্যক্তিগত বার্তা পাঠিয়ে সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি।
আজ রাতে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ইন্টার মিলানের উয়েফা চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচের আগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আলভারেজের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করা হলে মার্তিনেজ বলেন, "আমি তাঁর সাথে কথা বলেছি, বার্তা পাঠিয়েছি এবং আমার সমর্থন জানিয়েছি।"
জাতীয় দলে একই পজিশনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করলেও মাঠের বাইরের সম্পর্কের কথা স্মরণ করিয়ে দিয়ে ইন্টার অধিনায়ক বলেন, "আমরা একই পজিশনে খেলি এবং জাতীয় দলে এক জায়গার জন্য লড়াই করি, এর বাইরে সে আমার একজন খুব ভালো বন্ধু।"
আলভারেজের বর্তমান পরিস্থিতি বেশ জটিল স্বীকার করে লাউতারো যোগ করেন, "সে যে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে তা সহজ নয়, তবে শেষ পর্যন্ত সিদ্ধান্ত ক্লাবের। আমি তাঁর সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। আশা করি সে দ্রুত এই সংকট কাটিয়ে উঠবে এবং বিশ্বসেরা খেলোয়াড়দের একজন হিসেবে নিজেকে আবারও প্রমাণ করবে।"
২০২২ বিশ্বকাপজয়ী আলভারেজের জন্য নতুন মৌসুমের শুরুটা মোটেই সুখকর হয়নি। লা লিগায় অ্যাথলেতিক বিলবাওর বিপক্ষে ৩-০ গোলের শোচনীয় হারের ম্যাচে তিনি বদলি হিসেবে দ্বিতীয়ার্ধে মাঠে নামলেও দলের ভাগ্য পরিবর্তন করতে পারেননি।
গ্রীষ্মকালীন দলবদলের সময়ে আলভারেজ আতলেতিকো মাদ্রিদ ছেড়ে বার্সেলোনায় যোগ দিতে আগ্রহী ছিলেন বলে বিভিন্ন প্রতিবেদনে প্রকাশ পায়। তবে আতলেতিকো কর্তৃপক্ষ বার্সেলোনার প্রস্তাব প্রত্যাখান করে জানায় কোনো মূল্যেই এই স্ট্রাইকারকে বিক্রি করা হবে না। ২০৩০ সাল পর্যন্ত চুক্তি থাকায় কোচ দিয়েগো সিমিওনের অধীনেই তাঁকে থাকতে হচ্ছে।
এই ট্রান্সফার নাটকের কারণে আতলেতিকোর সমর্থকদের একাংশের তোপের মুখে পড়েছেন আলভারেজ। তবে এই মাঠের বাইরের অস্থিরতা থেকে মনোযোগ সরাতে দ্বিগুণ পরিশ্রম শুরু করেছেন এই ফরোয়ার্ড। ফর্ম ও ফিটনেস পুনরুদ্ধারে বর্তমানে দিনে দুই বেলা অনুশীলন সেশনে অংশ নিচ্ছেন তিনি।




