একটা সাধারণ বন্ধুত্বের মুহূর্তকে প্রেমের গল্প বানিয়ে ফেলা এখন নেটদুনিয়ার নিত্যদিনের ব্যাপার। সম্প্রতি মুম্বাইয়ের তাজ মহল প্যালেসের এক অনুষ্ঠানে বলিউড অভিনেত্রী আমিশা প্যাটেল ও ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়াকে একসঙ্গে দেখা যায়। সেই দৃশ্যের ছোট্ট একটা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই শুরু হয় জল্পনা।
ক্লিপে দেখা যাচ্ছে, হাসিমুখে হার্দিককে নিজের বন্ধুদের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছেন আমিশা। কথা বলার সময় হালকা করে তার কাঁধে হাত রাখতেও দেখা যায় তাকে। এই সামান্য দৃশ্যই এক্সের (সাবেক টুইটার) এক ব্যবহারকারীর চোখে পড়ে। তিনি ভিডিও শেয়ার করে মন্তব্য করেন যে, আমিশা যেভাবে হার্দিকের কাঁধে হাত রেখেছেন, তাতে রেডিটের পুরনো গুজবগুলো যেন সত্যি হয়ে যাচ্ছে।

এই মন্তব্য আমিশার নজরে আসে। তিনি চুপ থাকেননি। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে ওই পোস্টের স্ক্রিনশট শেয়ার করে ব্যঙ্গাত্মক জবাব দেন।
লেখেন, “হ্যাঁ, একদম ঠিক বলেছ। মাই গড, আপনি একদম ঠিকই ধরেছেন... সত্যিই আমার হাত তার গায়ে রাখার মধ্যে দারুণ রোমান্টিক ব্যাপার ছিল, তাই না?” এরপর সরাসরি পরামর্শ দিয়ে যোগ করেন, “আমি তোমাকে চিনি না। কিন্তু নিশ্চিত করে বলতে পারি, তোমার জীবনে কোনো মেয়ে বন্ধু নেই। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন গল্প বানানোর আগে অন্তত একজন মেয়েকে বন্ধু বানিয়ে নাও।”

আমিশা স্পষ্ট করে দিয়েছেন যে, পুরো বিষয়টাই ভিত্তিহীন। হার্দিক পান্ডিয়া বর্তমানে মডেল মাহিকা শর্মার সঙ্গে সম্পর্কে আছেন। ২০২৫ সালের অক্টোবরে তিনি নিজেই ইনস্টাগ্রামে সেই সম্পর্ক প্রকাশ্যে নিয়ে আসেন। নাতাশা স্তানকোভিচের সঙ্গে বিচ্ছেদের পর এটাই তার নতুন অধ্যায় এবং সম্পর্ক এখনও চলছে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, ইন্ডিয়া টুডে, এনডিটিভি




