রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০১ পিএম

শেয়ার করুন:

পাকিস্তানকে উড়িয়ে টানা দ্বিতীয় জয় বাংলাদেশের

জুনিয়র এশিয়া কাপ হকিতে নিজেদের দুর্দান্ত ছন্দ বজায় রেখেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী দল। চীনে অনুষ্ঠিত টুর্নামেন্টে আজ পাকিস্তানকে ৫-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলে উড়িয়ে দেওয়ার পর, দ্বিতীয় ম্যাচেও সমান আধিপত্য দেখিয়ে জয় ছিনিয়ে নিয়েছে বাংলাদেশ। এই জয়ের ফলে দুই ম্যাচ থেকে পূর্ণ ৬ পয়েন্ট সংগ্রহ করে চ্যালেন্জার পুলের পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে উঠে এসেছে দলটি।

মোকি ট্রেনিং গ্রাউন্ডে অনুষ্ঠিত ম্যাচের নবম মিনিটেই বাংলাদেশকে এগিয়ে নেন নূপুর। এরপর দ্বিতীয় কোয়ার্টারে ব্যবধান দ্বিগুণ করেন নাদিরা ইমা। পরবর্তীতে পাকিস্তান তাদের রক্ষণভাগ কিছুটা শক্ত করলেও বাংলাদেশের আক্রমণের ধার কমেনি। ম্যাচের ৩৩তম মিনিটে পেনাল্টি স্ট্রোক থেকে গোল করে ব্যবধান ৩-০ করেন সারিকা রিমন।

ম্যাচের ৪১তম মিনিটে সারিকার একটি গোলে পাকিস্তান এক গোল শোধ করলেও, বাংলাদেশ দ্রুতই আবার তাদের তিন গোলের ব্যবধান ফিরিয়ে আনে। ৪৩তম মিনিটে কনা আক্তার বল জালে পাঠালে স্কোরলাইন দাঁড়ায় ৪-১। ম্যাচের ৫৭তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে পাকিস্তানের ওপর শেষ আঘাতটি হানেন আইরিন আক্তার। এর মাধ্যমে ৫-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ দল।

জুনিয়র এশিয়া কাপে এটি বাংলাদেশ নারী দলের দ্বিতীয় অংশগ্রহণ, যেখানে ২০২৪ সালের আসরে তারা নবম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এই প্রতিযোগিতার শিরোপাধারী দল হলো ভারত। ১০ দলের এই টুর্নামেন্টটি দুটি পুলে বিভক্ত করা হয়েছে। বাংলাদেশ রয়েছে চ্যালেঞ্জার পুলে, যেখানে তাদের সঙ্গী কাজাখস্তান, পাকিস্তান, চায়নিজ তাইপে ও হংকং। অন্যদিকে স্বাগতিক চীন, জাপান, ভারত, দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়াকে নিয়ে গঠিত হয়েছে এলিট পুল।

নিয়ম অনুযায়ী, চ্যালেঞ্জার পুলের শীর্ষ তিনটি দল এবং এলিট পুলের পাঁচটি দলই কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। আর চ্যালেঞ্জার পুলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দুটি দল নবম ও দশম স্থানের নির্ধারণী ম্যাচে মুখোমুখি হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর