রোববার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

পাকিস্তান দলে নতুন চাঞ্চল্য! ক্রিকেটারদের ফোন জব্দ করল বোর্ড

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৬ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৩ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান দলে নতুন চাঞ্চল্য! ক্রিকেটারদের ফোন জব্দ করল বোর্ড

পাকিস্তান ক্রিকেটের ইংল্যান্ড সফর যেন একের পর এক নাটকীয় ঘটনায় ভরে যাচ্ছে। সিরিজ হার নিশ্চিত হওয়ার পর কোচ বদল, সাত খেলোয়াড়কে দেশে ফেরত পাঠানো; এসবের মধ্যে এবার এলো আরও এক অদ্ভুত সিদ্ধান্ত। এজবাস্টনে আসন্ন তৃতীয় ও শেষ টেস্টের আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) দলের কয়েকজন ক্রিকেটারের মোবাইল ফোন নিজেদের জিম্মায় নিয়েছে বলে খবর পাওয়া গেছে।

৩৬৫ নিউজের পাকিস্তানি সাংবাদিক আম্বার আলীর প্রতিবেদন অনুসারে, লন্ডনে থাকা দলের কিছু সদস্যের ফোন পিসিবির কাছে জমা দেওয়া হয়েছে। শেষ টেস্ট শেষ না হওয়া পর্যন্ত এগুলো ফেরত দেওয়া হবে না। কোন কোন খেলোয়াড়ের ফোন নেওয়া হয়েছে, তা স্পষ্ট করা হয়নি। পিসিবিও এখনো কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি। আম্বার আলী জানিয়েছেন, তদন্তের স্বার্থেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই ঘটনায় প্রশ্ন উঠেছে নানা দিক থেকে। আন্তর্জাতিক ক্রিকেটে ম্যাচের দিন ড্রেসিংরুমসহ সংরক্ষিত এলাকায় মোবাইল ব্যবহার নিষিদ্ধ; আইসিসির নিয়ম অনুযায়ী খেলোয়াড়রা সেখানে ডিভাইস রাখতে পারেন না। কিন্তু ম্যাচ শুরুর আগেই পুরো ফোন জব্দ করে রাখার ঘটনা বিরল। ভারতীয় কিছু সংবাদমাধ্যম এটিকে ম্যাচ ফিক্সিং বা অখণ্ডতা সংক্রান্ত সন্দেহের সঙ্গে যুক্ত করেছে। তবে পিসিবি বা কোনো সরকারি সূত্র থেকে এখনো এমন কোনো অভিযোগের কথা নিশ্চিত করা হয়নি। কোনো খেলোয়াড়ের বিরুদ্ধেও প্রকাশ্যে কোনো অভিযোগ আনা হয়নি।

সিরিজের প্রথম দুই টেস্টে পাকিস্তানের করুণ পারফরম্যান্সের পর বোর্ড বড় ধরনের পরিবর্তন এনেছে। সারফরাজ আহমেদসহ কোচিং স্টাফ বদল এবং সাতজনকে দল থেকে বাদ দিয়ে নতুন মুখ ডাকা হয়েছে। এমন পরিস্থিতিতে ফোন জব্দের খবর দলের অভ্যন্তরে আরও চাপ তৈরি করেছে বলে ধারণা করা হচ্ছে।

পিসিবি এখনো বিষয়টি নিয়ে বিস্তারিত জানায়নি। তদন্তের ফল কী এবং কেন এমন কঠোর পদক্ষেপ, সেটা স্পষ্ট হলেই আসল চিত্র বেরিয়ে আসবে। এদিকে ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এজবাস্টন টেস্টকে কেন্দ্র করে পাকিস্তান ক্রিকেট আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে।

সূত্র: আম্বার আলী টুইট, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, এনডিটিভি স্পোর্টস

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর