ক্রমাগত কনকাশনের (মাথার মারাত্মক আঘাত) কারণে প্রতিশ্রুতিশীল ক্যারিয়ার অকালেই শেষ হয়ে যাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া ও ক্রিকেট ভিক্টোরিয়ার সাথে আর্থিক সমঝোতায় পৌঁছেছেন সাবেক অস্ট্রেলিয়ান টেস্ট ব্যাটার উইল পুকোভস্কি। কোড স্পোর্টসের এক প্রতিবেদনে জানানো হয়েছে, ২৮ বছর বয়সী এই সাবেক উদ্বোধনী ব্যাটারকে জীবনের মর্মান্তিক ট্র্যাজেডির ক্ষতিপূরণ হিসেবে একটি বড় অঙ্কের অর্থ দিচ্ছে ক্রিকেট গভর্নিং বডি।
নিজের ক্যারিয়ারজুড়ে মোট ১৩ বার মাথায় মারাত্মক আঘাত পাওয়ার পর শারীরিক নানা জটিলতায় ভুগছিলেন এই ভিক্টোরিয়ান তারকা। দৃষ্টিশক্তির সমস্যা, তীব্র মাথাব্যথা, বমি ভাব এবং শরীরের বাঁ দিকের কাজ পরিচালনা করতে না পারার মতো দীর্ঘস্থায়ী সমস্যায় আক্রান্ত হয়ে তিনি শেষ পর্যন্ত অবসর নিতে বাধ্য হন। এছাড়া ভবিষ্যতে ক্রনিক ট্রমাটিক এনসেফালোপ্যাথির মতো জটিল মস্তিষ্কের ব্যাধিতে আক্রান্ত হওয়ার ঝুঁকিতে রয়েছেন তিনি, যে ব্যাধিতে আক্রান্ত হয়ে ড্যানি ফ্রলি ও শেন তাকের মতো অনেক অজি অ্যাথলেট প্রাণ হারিয়েছেন।
এই সমঝোতার পাশাপাশি ২০১৪ সালে ব্রাইটন গ্রামার স্কুলে ফুটবল অনুশীলনের সময় হওয়া এক মাথার চোট নিয়ে অবহেলার অভিযোগে আইনি পদক্ষেপও নিচ্ছেন পুকোভস্কি। ১৬ বছর বয়সে মাথায় সতীর্থের হাঁটুর আঘাতে জ্ঞান হারানোর মিনিট কয়েকের মধ্যে তাঁকে পুনরায় মাঠে নামানো হয়েছিল, যার ফলে মাসের পর মাস পড়াশোনা থেকে দূরে থাকতে হয় তাঁকে। মেলবোর্নের এক অনুষ্ঠানে স্মৃতিচারণ করে পুকোভস্কি জানান, সেই দিনের পর থেকে তিনি আর কখনো আগের মতো স্বাভাবিক বোধ করেননি এবং একটি চোট তাঁর পুরো জীবন বদলে দেয়।
২০২১ সালের জানুয়ারিতে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেকেই দুর্দান্ত ফিফটি করে নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছিলেন এই ডানহাতি ব্যাটার। তবে কাঁধের চোট ও পরবর্তীতে শেফিল্ড শিল্ডে একের পর এক মাথায় বাউন্সারের আঘাত তাঁর ক্যারিয়ারে বাধা হয়ে দাঁড়ায়। ২০২৪ সালের আগস্টে চিকিৎসকদের পরামর্শে শেফিল্ড শিল্ডে তাসমানিয়ার বিপক্ষে ম্যাচে বাউন্সারের আঘাতে চোট পাওয়ার পর আনুষ্ঠানিকভাবে ক্রিকেটকে বিদায় জানান তিনি। ৩৬টি প্রথম শ্রেণির ম্যাচে ৪৫.১৯ গড়ে ৭টি শতক ও ২টি দ্বিশতক হাঁকিয়েছিলেন তিনি।
বিশ্বজুড়ে অ্যাথলেটদের কনকাশন ক্ষতিপূরণ আন্দোলনের অংশ হিসেবে মার্কিন এনএফএল ইতোমধ্যে ২.৩ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিয়েছে এবং অস্ট্রেলিয়ান এএফএল ১ বিলিয়ন ডলারের ক্লাস অ্যাকশন মামলার মুখোমুখি হচ্ছে। পেশাদার ক্রিকেটকে বিদায় জানালেও উইল পুকোভস্কি বর্তমানে ভিক্টোরিয়ান প্রিমিয়ার ক্রিকেটে মেলবোর্ন ক্রিকেট ক্লাবের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এবং চ্যানেল সেভেনের হয়ে বিগ ব্যাশ লিগে ধারাভাষ্যকারের ভূমিকায় যুক্ত রয়েছেন।




