চীনে আয়োজিত জুনিয়র এশিয়া কাপে শুভসূচনা করেছে বাংলাদেশ নারী জুনিয়র হকি দল। শনিবার নিজেদের প্রথম ম্যাচে চায়নিজ তাইপেকে ৭-০ গোলের বড় ব্যবধানে হারিয়ে দারুণ এক জয় ছিনিয়ে নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।
ম্যাচের প্রথম কোয়ার্টার গোলশূন্য থাকার পর বাকি তিন কোয়ার্টারে সম্পূর্ণ নিয়ন্ত্রণে নেয় বাংলাদেশ। ম্যাচের ২০তম মিনিটে কনা আক্তারের গোলে প্রথম লিড নেয় দল। এরপর তৃতীয় কোয়ার্টারে প্রতিপক্ষের রক্ষণভাগকে চূর্ণবিচূর্ণ করে জোড়া গোল উপহার দেন নাদিরা ইমা ও আইরিন আক্তার।
শেষ কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে টানা দুটি গোল করে ব্যবধান আরও বাড়ান সারিকা রিমন। ৫১ ও ৫৭তম মিনিটে সারিকার চোখ ধাঁধানো দুই গোলে বাংলাদেশ দলের বিশাল জয় সুনিশ্চিত হয়। ম্যাচে সারিকা রিমন, নাদিরা ইমা এবং আইরিন আক্তার দুটি করে গোল করেন এবং কনা আক্তার করেন একটি গোল।
জুনিয়র এশিয়া কাপে এটি বাংলাদেশ নারী দলের মাত্র দ্বিতীয় অংশগ্রহণ। এর আগে ২০২৪ সালের আসরে ৯ম স্থানে থেকে প্রতিযোগিতা শেষ করেছিল দলটি। সেই তুলনায় এবারের সূচনাটি অনেক বেশি আত্মবিশ্বাসী ও শক্তিশালী।
চ্যালেঞ্জার পুলের পরবর্তী ম্যাচে আগামীকাল রোববার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। এই বড় জয়ের আত্মবিশ্বাস নিয়ে পরবর্তী ম্যাচগুলোতেও ধারাবায়িকতা বজায় রাখাই এখন লাল-সবুজ প্রতিনিধিদের মূল লক্ষ্য।




