বার্মিংহামে অনুষ্ঠিত হতে যাওয়া ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টের স্কোয়াড থেকে বাদ পড়া খেলোয়াড়দের লন্ডনের ক্ল্যারেন্স হাউসে রাজা চার্লসের সঙ্গে সাক্ষাৎ অনুষ্ঠানে অংশ নিতে বাধ্য করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। গত বুধবার (২ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এই রাজকীয় সাক্ষাতে খেলোয়াড়দের উপস্থিতি কম হলে বিব্রতকর পরিস্থিতিতে পড়ার আশঙ্কায় পিসিবি সভাপতি মহসিন নাকভি এই কড়া নির্দেশ দেন বলে এক প্রতিবেদনে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য টেলিগ্রাফ'।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, স্কোয়াড থেকে ছাঁটাই হওয়া সাত ক্রিকেটারের মধ্যে চারজন- আলী ওসমান, আমের জামাল, খুররম শাহজাদ এবং মুহাম্মদ ওয়াইস জাফর অনিচ্ছা সত্ত্বেও পিসিবির নির্দেশে রাজপ্রাসাদের অনুষ্ঠানে উপস্থিত হন। তবে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনা ও দল থেকে ছাঁটাইয়ের প্রতিবাদে বাদ পড়া খেলোয়াড়দের একজন এই অনুষ্ঠানে যোগ দিতে সরাসরি অস্বীকৃতি জানান।
অস্বীকৃতি জানানো খেলোয়াড়ের নাম নাম প্রকাশ না করা হলেও, সফরকারী স্কোয়াড থেকে বাদ পড়া বাকি তিন ক্রিকেটার হলেন ওপেনার ইমাম-উল-হক, উইকেটকিপার-ব্যাটার মোহাম্মদ রিজওয়ান এবং প্রথম টেস্টে অধিনায়কের দায়িত্ব পালন করা অলরাউন্ডার সালমান আলী আগা।
সিরিজের প্রথম দুই টেস্টে শোচনীয় হারের পর পাকিস্তান দল একযোগে সাতটি পরিবর্তন আনে। তবে নতুন অন্তর্ভুক্ত করা পরিবর্তিত খেলোয়াড়দের সবাই এখনও ইংল্যান্ডে এসে পৌঁছাননি। ফলে রাজপরিবারের সঙ্গে পূর্বনির্ধারিত এই বহুল চর্চিত সাক্ষাতে খেলোয়াড়দের পর্যাপ্ত উপস্থিতি নিশ্চিত করতেই বাদ পড়া ক্রিকেটারদের জোরপূর্বক পাঠানোর পথ বেছে নেয় বোর্ড।
অনুষ্ঠান চলাকালীন রাজা চার্লস পাকিস্তান দলের সদস্যদের উৎসাহ দেন এবং শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় টেস্ট অধিনায়ক বাবর আজম দলের পক্ষ থেকে একটি স্বাক্ষর করা ক্রিকেট ব্যাট এবং পিসিবি সভাপতি ও দেশটির মন্ত্রী মহসিন নাকভি বিশেষ উপহার রাজকীয় আতিথেয়তার স্বীকৃতিস্বরূপ রাজার হাতে তুলে দেন।




