ফ্রান্সের জাতীয় দলের অধিনায়ক কিলিয়ান এমবাপে মাঠে বল নিয়ে ছুটছেন, হাজারো সমর্থকের চোখ তার দিকে। কিন্তু তার নাম যে এক সময় অপরাধীদের গোপন তালিকায় ছিল, সে কথা এখন জানলে অনেকেরই চমকে উঠবে। সম্প্রতি ফরাসি আইনশৃঙ্খলা বাহিনীর দ্রুত ব্যবস্থায় সেই ভয়ংকর পরিকল্পনা ব্যর্থ হয়েছে। ফলে সম্ভাব্য অপহরণের হাত থেকে রক্ষা পেয়েছেন রিয়াল মাদ্রিদের এই তারকা।
একটি অপরাধী চক্র মোট ২৬ জনকে লক্ষ্য করেছিল। তালিকায় ছিলেন ফুটবলার, র্যাপ সংগীতশিল্পী এবং বিপুল সম্পদের মালিক ব্যবসায়ীরা। সেই তালিকার অন্যতম আলোচিত নাম ছিল এমবাপের। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কার প্রতিবেদনে জানা গেছে, এ ঘটনায় ১৮ বছর বয়সি ক্লেমঁ এল নামের এক তরুণকে গ্রেফতার করা হয়েছে। ‘লেস্টার জেড’ ছদ্মনামে তিনি এই চক্র পরিচালনা করতেন।
সশস্ত্র ডাকাতি ও দালালির অভিযোগে কারাদণ্ড ভোগ করছেন এই তরুণ। তদন্তকারীদের দাবি, কারাগারে থেকেও তিনি স্ন্যাপচ্যাটের মাধ্যমে সহযোগীদের নির্দেশ দিতেন। গত ৮ এপ্রিল ন্যুই সুর সেন এলাকায় একটি বিলাসবহুল ঘড়ির দোকানে ডাকাতির ঘটনা তদন্ত করতে গিয়ে পুলিশ তার দুটি মোবাইল ফোন তল্লাশি করে। সেখান থেকেই ২৬ জনের ঠিকানা ও অন্যান্য তথ্য সম্বলিত তালিকা উদ্ধার হয়।
তদন্তে দেখা যায়, চক্রটি তালিকাভুক্ত ব্যক্তিদের অপহরণের পরিকল্পনা করেছিল। বিচারিক সূত্র জানিয়েছে, এমবাপের পাশাপাশি একজন র্যাপ শিল্পী, একজন জুয়েলারি ব্যবসায়ী, একজন তুর্কি মাংস ব্যবসায়ী এবং একজন চীনা ব্যবসায়ীর নামও সেখানে ছিল। জিজ্ঞাসাবাদে তরুণটি জানিয়েছেন, রান্নাবিষয়ক একটি বৃত্তিমূলক কোর্সের প্রথম বর্ষেই পড়াশোনা ছেড়ে দিয়েছিলেন তিনি। তবে ভবিষ্যতে পড়া শেষ করে রাঁধুনি হওয়ার ইচ্ছা আছে বলে দাবি করেছেন।
এই তথ্য প্রকাশের পর ফ্রান্সজুড়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। তবে পুলিশের সময়োচিত পদক্ষেপে অপরাধীদের পরিকল্পনা নস্যাৎ হয়েছে। তালিকায় নাম থাকলেও এমবাপে এখন নিরাপদে আছেন।




