মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ঢাকা

City Bank CityTouch

পাকিস্তান ক্রিকেটে টালমাটাল অবস্থা, পদত্যাগ করলেন মিজবাহ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১০ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান ক্রিকেটে টালমাটাল অবস্থা, পদত্যাগ করলেন মিজবাহ

ইংল্যান্ডে টেস্ট সিরিজের মাঝপথেই পাকিস্তান টেস্ট দল ও টিম ম্যানেজমেন্টে পিসিবি-র ব্যাপক রেশারেশি ও পরিবর্তনের পরদিনই জাতীয় নির্বাচন কমিটি থেকে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন মিজবাহ-উল-হক। বোর্ডের নির্ভরযোগ্য সূত্রের বরাতে জানা গেছে, পিসিবি এখনো তাঁর এই পদত্যাগপত্র আনুষ্ঠানিকভাবে গ্রহণ করেনি। এর পাশাপাশি লাহোরের ন্যাশনাল ক্রিকেট একাডেমির ব্যাটিং কনসালট্যান্টের পদ থেকেও সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন পাকিস্তান দলের সাবেক এই অধিনায়ক।

লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর নজিরবিহীন পদক্ষেপ নেয় পিসিবি। আগামী ৯ সেপ্টেম্বর এজবাস্টনে হতে যাওয়া তৃতীয় ও শেষ টেস্টের আগেই দলের প্রধান কোচ সরফরাজ আহমেদ ও বোলিং কোচ উমর গুলকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়। এর পাশাপাশি মূল স্কোয়াড থেকে বাদ দেওয়া হয় মোহাম্মদ রিজওয়ান, ইমাম-উল-হক, সালমান আগা, আলী ওসমান, আমের জামাল, ওয়াইস জাফর এবং খুররম শাহজাদকে। 

আরও পড়ুন- বিধ্বস্ত পাকিস্তান, কোচসহ ৭ জন ক্রিকেটার ছাঁটাই করল বোর্ড

বাদ পড়া এই সাতজনের জায়গায় টেস্ট দলে যুক্ত করা হয়েছে সাইম আইয়ুব ও আবদুল্লাহ ফজলসহ পাঁচ নতুন মুখ- আরাফাত মিনহাস, মোহাম্মদ ইমরান জুনিয়র, সাদ বেগ, মোহাম্মদ ইমরান রান্ধাওয়া ও রেজাউল্লাহকে। এছাড়া টেস্ট দলের কোচিং স্টাফ হিসেবে যুক্ত করা হয়েছে সাদা বলের কোচ মাইক হেসন এবং বোলিং কোচ অ্যাশলি নফকেকে।

২০১৭ সালে পাকিস্তানের সফলতম টেস্ট অধিনায়ক হিসেবে অবসর নেওয়ার পর থেকে বোর্ডের একাধিক পদে দায়িত্ব পালন করেছেন মিজবাহ। ২০১৯ সালে একই সঙ্গে প্রধান কোচ ও প্রধান নির্বাচক হন তিনি। ২০২০ সালের অক্টোবরে কোচিংয়ে মনোযোগ দিতে প্রধান নির্বাচকের পদ ছাড়েন এবং পরের বছর কোচের দায়িত্ব থেকেও ইস্তফা দেন। পরবর্তীতে ২০২৩ সালে তৎকালীন পিসিবি প্রধান জাকা আশরাফের উপদেষ্টা হন এবং সাম্প্রতিক সময়ে অনুষ্ঠিত ন্যাশনাল চ্যাম্পিয়ন্স কাপে শাহীন আফ্রিদির নেতৃত্বাধীন চ্যাম্পিয়ন দল পাকিস্তান গোল্ডের কোচের ভূমিকাতেও ছিলেন তিনি।

চলতি বছরের মার্চে আকিব জাভেদ, সরফরাজ আহমেদ এবং আসাদ শফিকের পাশাপাশি চার সদস্যের জাতীয় নির্বাচন কমিটিতে যুক্ত করা হয়েছিল মিজবাহকে। একই সঙ্গে এনসিএ-তে ১৮০ দিনের চুক্তিতে ব্যাটিং কনসালট্যান্ট হিসেবেও কাজ করছিলেন তিনি। টেস্ট সফরে দলে এমন হুটহাট ডামাডোল এবং টিম ম্যানেজমেন্ট পরিবর্তনের জের ধরেই মূলত নির্বাচন কমিটি থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন মিজবাহ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর