দুবাইয়ের মাঠে যখন প্রথমবারের মতো এশিয়া কাপের ম্যাচে নামল বাংলাদেশ নারী দল, তখন সহজ জয়ের আশাই ছিল সবার। প্রতিপক্ষ ইন্দোনেশিয়া একেবারে নতুন মুখ। শেষ পর্যন্ত সেই জয় এসেছেও ৭১ রানের বড় ব্যবধানে।
টস হেরে আগে ব্যাট করতে নেমে বাংলাদেশ শুরুতেই চাপে পড়ে। ইন্দোনেশিয়ার পেসার নি মাদে পুত্রি সুয়ানদেউয়ির নতুন বলের সুইং ও মুভমেন্টে জুয়ায়রিয়া ফেরদৌস মাত্র ৮ রানে ফিরে যান। এরপর দিলারা আক্তার ও সোবহানা মোস্তারি ইনিংস সামলানোর চেষ্টা করেন। পাওয়ার প্লেতে মাত্র ৩২ রান ও দশ ওভারে ৫৮ রান গতি ছিল ধীর।
দ্বিতীয় উইকেটে ৪০ রানের জুটি হলেও দিলারা ৩১ বলে ২৭ রানে আউট হন। অধিনায়ক নিগার সুলতানা জ্যোতিও বেশিদূর এগোতে পারেননি, অভিষিক্ত লেগ স্পিনার সোফিয়া ভেলিচের বলে ১১ বলে ১০ রানে ফিরে যান তিনি।
সোবহানা একপ্রান্ত আঁকড়ে থাকলেও বড় শট খেলতে গিয়ে ফুলটসে ধরা পড়েন। ৪২ বলে ৪০ রান করে থেমে যান তিনি। এরপর কার্যত একাই দলকে এগিয়ে নিয়ে যান স্বর্ণা আক্তার। শেষ দিকে তিন চার ও এক ছক্কায় মাত্র ১৮ বলে অপরাজিত ৩১ রান করে দলকে ১২৯-এ নিয়ে যান। বাংলাদেশের পরের পাঁচ ব্যাটার মিলে মাত্র সাত রান যোগ করতে পেরেছিলেন।
১২৯ রান রক্ষায় বোলাররা কোনো সুযোগ দেননি। মারুফা আক্তার নতুন বলে প্রথম ধাক্কা দেন। নাহিদা আক্তারের স্পিনে চাপ আরও বাড়ে। নিয়মিত উইকেট হারিয়ে ইন্দোনেশিয়া ১৭.৩ ওভারে মাত্র ৫৮ রানে অলআউট হয়। ওপেনার মারিয়া কোরাজন সর্বোচ্চ ১২ রান করেন; আর কোনো ব্যাটার দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
নাহিদা আক্তার চার ওভারে ১৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে ম্যাচসেরা হন। মারুফা দুই উইকেট (৬ রান) নেন। মেঘলা ও ফাহিমা খাতুন একটি করে উইকেট তুলে নেন।





