রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী, শেষ হচ্ছে লেস্টার পর্ব

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৮:০৫ পিএম

শেয়ার করুন:

শেফিল্ড ইউনাইটেডে ফিরছেন হামজা চৌধুরী, শেষ হচ্ছে লেস্টার পর্ব

বাংলাদেশি বংশোদ্ভূত তারকা মিডফিল্ডার হামজা চৌধুরী ফ্রি ট্রান্সফারে ইংলিশ চ্যাম্পিয়নশিপের দল শেফিল্ড ইউনাইটেডে যোগ দিতে যাচ্ছেন বলে রোববার ইংলিশ গণমাধ্যমের প্রতিবেদনে জানানো হয়েছে।

২৮ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে লেস্টার সিটিতে খেলছেন, যারা পরপর দুই মৌসুমে অবনমিত হয়ে বর্তমানে ইংলিশ ফুটবলের তৃতীয় সারির লিগ 'লিগ ওয়ান'-এ নেমে গেছে। প্রতিবেদনে বলা হয়, হামজা মূলত চ্যাম্পিয়নশিপেরই আরেক দল ডার্বি কাউন্টিতে যোগ দেওয়ার দ্বারপ্রান্তে ছিলেন। তবে শেষ মুহূর্তে শেফিল্ড ইউনাইটেড সেই চুক্তিটি নিজেদের পক্ষে নিয়ে আসে এবং ফ্রি ট্রান্সফারে তাকে ব্রামাল লেনে দ্বিতীয় মেয়াদের জন্য নিয়ে আসছে।

এর আগে ২০২৪/২৫ মৌসুমের দ্বিতীয়ার্ধে ধারে শেফিল্ড ইউনাইটেডে খেলেছিলেন হামজা। সেবার তিনি ব্লেডদের (শেফিল্ড) চ্যাম্পিয়নশিপ প্লে-অফ ফাইনালে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।

শেফিল্ডের রাইট-ব্যাক ফেমি সেরিকির চোট পাওয়ার পরই দ্রুত হামজাকে দলে ভেড়ানোর সিদ্ধান্ত নেয় ক্লাবটি। ধারে খেলার সময় হামজা মূলত এই পজিশনেই খেলতেন। জানা গেছে, তিনি ইতোমধ্যে তাঁর মেডিকেল পরীক্ষা সম্পন্ন করছেন এবং শিগগিরই চুক্তির আনুষ্ঠানিকতা শেষ করবেন।

সবকিছু ঠিকঠাক থাকলে মঙ্গলবার রাতে বোল্টনের বিপক্ষে ম্যাচেও শেফিল্ডের হয়ে মাঠে নামতে পারেন হামজা।

২০১৬ সালের প্রিমিয়ার লিগ বিজয়ী লেস্টার সিটির জন্য গত কয়েক মৌসুম ছিল হতাশাজনক। ক্রমাগত রেলিগেশনের ধাক্কায় তারা লিগ ওয়ানে নেমে গেছে এবং ক্লাবটি হামজার মতো খেলোয়াড়দের চড়া বেতনের বোঝা থেকে মুক্তি পাওয়ার জন্য বেশ চেষ্টা করছিল।

এই দলবদলের মাধ্যমে কিং পাওয়ার স্টেডিয়ামে হামজার এক দশকেরও বেশি সময়ের লম্বা অধ্যায়ের অবসান ঘটতে যাচ্ছে। ২০১৪ সালে লেস্টার সিটির যুব দলে যোগ দেওয়া হামজা মূল দলের হয়ে ২০২১ সালের এফএ কাপ, এফএ কমিউনিটি শিল্ড এবং ২০২৩-২৪ মৌসুমে ইএফএল চ্যাম্পিয়নশিপের খেতাব জয় করেছেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর