রোববার, ৩০ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসির প্রশংসা করার ভাষা জানা নেই মিয়ামি কোচের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৩০ আগস্ট ২০২৬, ০৪:৩৩ পিএম

শেয়ার করুন:

মেসির প্রশংসা করার ভাষা জানা নেই মিয়ামি কোচের

মেজর লিগ সকারে ক্যারিয়ারে প্রথমবারের মতো এক ম্যাচে চার গোল করার কীর্তি গড়ায় লিওনেল মেসির প্রশংসায় পঞ্চমুখ ইন্টার মায়ামির অন্তর্বর্তীকালীন কোচ গিয়েরমো ওস। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচে জয়হীন থাকার পর রোববারের এই ম্যাচে সিএফ মন্ট্রিলকে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে জয়ের ধারায় ফিরেছে মায়ামি।

৩৯ বছর বয়সী এই আর্জেন্টাইন তারকা প্রথমার্ধের ঠিক আগে মায়ামির লিড ফিরিয়ে আনেন, ৫২তম মিনিটে দ্বিতীয় গোল করেন, ৮৩তম মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন এবং ইনজুরি টাইমে দুর্দান্ত এক ফ্রি-কিক থেকে নিজের চতুর্থ গোলটি করেন। ম্যাচে একটি অ্যাসিস্টও ছিল তাঁর। চলতি মৌসুমে ১৮টি গোল নিয়ে এখন এমএলএসের সর্বোচ্চ গোলদাতার তালিকায় শীর্ষে সাবেক এই বার্সেলোনা ফরোয়ার্ড।

ম্যাচ শেষে স্বদেশী কোচ ওস বলেন, "ফুটবলের এই সৌন্দর্য বর্ণনা করার মতো কোনো ভাষা আমার জানা নেই। মাঠের পরিস্থিতি এত দ্রুত বদলায় যে শব্দ ছোট হয়ে আসে। সে প্রতিনিয়ত গোল, অ্যাসিস্ট ও নিখুঁত পাসের সন্ধানে থাকে; সে মোটেও সাধারণ কোনো ফুটবলার নয়। একজন খেলোয়াড় ও মানুষ হিসেবে তার বিশ্লেষণ এত গভীর যে ভাষা ফুরিয়ে যায়।"

২০২২ বিশ্বকাপজয়ী এই তারকা চলতি বছরের বিশ্বকাপেও আর্জেন্টিনাকে নেতৃত্ব দিয়ে ফাইনালে তোলেন, যেখানে তারা স্পেনের কাছে পরাজিত হয়। রিয়াল মাদ্রিদের সাবেক তারকা এবং গত জুলাইয়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ফ্রিতে মায়ামিতে যোগ দেওয়া ৩৪ বছর বয়সী কাসেমিরো আপেল টিভিকে বলেন, "দলে মেসি থাকার অর্থই এমন। আমাদের এই সময়গুলো উপভোগ করতে হবে, কারণ সে এমন একজন ব্যক্তি ও খেলোয়াড় যে ইতিহাস গড়ে।"

একসময় এল ক্লাসিকোতে বিপরীত শিবিরে থাকা কাসেমিরো আরও বলেন, "আজ আমরা দেখেছি যে তাকে উপভোগ করতে হবে, তার সাথে প্রতিদ্বন্দ্বিতা বজায় রেখে সমর্থন দিয়ে যেতে হবে, কারণ সে এখনও সেরা। বিশ্বকাপে সে তার প্রমাণ দিয়েছে। সে সাথে থাকায় আমরা অনেক বেশি শক্তিশালী।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর