একসময় জাতীয় দলের জার্সি গায়ে তুলে মাঠে নামার স্বপ্ন দেখেছিলেন বাংলাদেশি বংশোদ্ভূত ইংল্যান্ডপ্রবাসী তরুণ মিডফিল্ডার কিউবা মিচেল। সেই স্বপ্ন আজ আরও দূরে সরে গেছে। জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু হলেও ২৮ সদস্যের মূল স্কোয়াডে তাঁর নাম নেই। নতুন কোচ টমাস ডুলির শর্ত মানতে না পেরে ক্ষোভ ও অভিমানে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে বাংলাদেশ ও জাতীয় দলসংক্রান্ত সব ছবি-পোস্ট মুছে ফেলেছেন এই ২০ বছর বয়সী ফুটবলার।
জানা গেছে, জাতীয় দলে ফিরতে আগ্রহী কিউবাকে সরাসরি ক্যাম্পে না ডেকে নতুন কোচিং স্টাফের সামনে ট্রায়ালে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়। এমনকি সেই ট্রায়ালে যোগ দিতে নিজের খরচে বিমানের টিকিট কেটে ঢাকায় আসতে বলা হয়। এই শর্তের পরই সামাজিক যোগাযোগমাধ্যম থেকে বাংলাদেশ-সম্পর্কিত সবকিছু সরিয়ে নেন তিনি।
বিষয়টি নিয়ে আলোচনা শুরু হলে কোচ টমাস ডুলি নিজের সিদ্ধান্তের পক্ষে যুক্তি দেন। তিনি বলেন, যিনি জাতীয় দলে ফিরতে চান, তাঁকে নতুন কোচিং স্টাফদের সামনে এসে নিজের পারফরম্যান্সের প্রমাণ দিতে হবে। যদি তিনি দেখাতে পারেন যে বর্তমান স্কোয়াডের অন্যদের চেয়ে ভালো এবং পরবর্তীতে দলে জায়গা পান, তাহলেই বাফুফে তাঁর ফ্লাইটের খরচ বহন করবে।
শুধু কিউবা নন, গোলরক্ষক সাইফ, সুকি ইতফকা এবং অনূর্ধ্ব-২০ দলের অ্যাডাম আব্বাস ও জিদানকেও দুই-তিন দিনের অনুশীলনে পরখ করে দেখবেন ডুলি। তাঁদের পারফরম্যান্সের ভিত্তিতেই জাতীয় দলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।
বাংলাদেশে কিউবাকে ঘিরে বিতর্ক নতুন নয়। বকেয়া বেতনের অভিযোগে চলতি বছরের জানুয়ারিতে বসুন্ধরা কিংস ছেড়েছিলেন তিনি। তিন বছরের চুক্তি থাকলেও মাত্র ছয় মাসের মাথায় ইংল্যান্ডে ফিরে বর্তমানে স্ট্র্যাটফোর্ড টাউন এফসিতে খেলছেন সাবেক সান্ডারল্যান্ড একাডেমির এই ফুটবলার।
এসটি




