শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

অনন্য ইতিহাস নয়ারের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১১:৩৭ এএম

শেয়ার করুন:

অনন্য ইতিহাস নয়ারের

জার্মান ফুটবলের ইতিহাসে আরেকটি অবিস্মরণীয় মুহূর্ত যোগ হলো। বায়ার্ন মিউনিখের অভিজ্ঞ গোলরক্ষক ও অধিনায়ক ম্যানুয়েল নয়ার প্রথম ফুটবলার হিসেবে বুন্দেসলিগার টানা ২১টি মৌসুমে খেলার অনন্য রেকর্ড গড়েছেন।

নতুন মৌসুমের উদ্বোধনী ম্যাচে স্টুটগার্টের বিপক্ষে বায়ার্ন ৫-১ গোলে জয় তুলে নেয়। ৪০ বছর বয়সী নয়ার সেই ম্যাচে মাঠে নেমেই এই ঐতিহাসিক মাইলফলক ছুঁয়েছেন। একইসঙ্গে এটি বায়ার্নের জার্সিতে তাঁর প্রতিযোগিতামূলক ৬০০তম ম্যাচও।

২০০৫ সালের আগস্টে শালকে ০৪-এর হয়ে মাত্র ২০ বছর বয়সে বুন্দেসলিগায় অভিষেক হয়েছিল নয়ারের। ২০১১ সালে বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার পর থেকে তিনি নিয়মিত খেলে চলেছেন। বুন্দেসলিগার ইতিহাসে মোট সবচেয়ে বেশি (২২টি) মৌসুমে খেলার রেকর্ড সাবেক ফুটবলার ক্লাউস ফিখটেলের নামে থাকলেও, সেখানে এক মৌসুম বিরতি ছিল। কোনো বিরতি ছাড়া টানা ২১ মৌসুমে খেলার একক রেকর্ড এখন শুধু নয়ারের দখলে।

ম্যাচ শেষে নয়ার বলেন, “আমি এখনও দারুণ ফিট বোধ করছি। দলের সঙ্গে প্রতিদিন অনুশীলন করা আর মাঠে খেলা আমার কাছে এখনও অনেক উপভোগ্য। এভাবে নতুন মৌসুম শুরু করা যেন স্বপ্নের মতো। আমরা ঠিক এমন ফলই চেয়েছিলাম।”

তিনি আরও বলেন, “স্টুটগার্ট ভালো দল, তাদের আক্রমণভাগ শক্তিশালী। কিন্তু আমরা শুরু থেকেই নিজেদের সবটুকু দিয়ে ম্যাচটা নিখুঁতভাবে শুরু করতে চেয়েছিলাম। আজ মাঠে সেটা প্রমাণ করতে পেরেছি।”

নয়ারের ক্যারিয়ারের অন্যান্য গুরুত্বপূর্ণ অর্জনগুলোও চোখে পড়ার মতো। তিনি ১৩টি বুন্দেসলিগা শিরোপা জিতেছেন, যা টমাস মুলারের সঙ্গে যৌথ রেকর্ড। বুন্দেসলিগার ইতিহাসে সর্বাধিক ২৪৬টি ক্লিন শিট তাঁর নামে। ২০১৫-১৬ মৌসুমে এক আসরে ২১টি ক্লিন শিটের রেকর্ডও তিনি গড়েছিলেন। শালকে, বায়ার্ন ও জার্মানি জাতীয় দল মিলিয়ে মোট ৩৩টি বড় ট্রফি জয় করেছেন এই গোলকিপার।

আন্তর্জাতিক মঞ্চেও তাঁর অবদান অসাধারণ। ২০১৪ বিশ্বকাপজয়ী জার্মান দলের সদস্য নয়ার দেশের হয়ে ১২৮টি ম্যাচ খেলেছেন। বায়ার্নের হয়ে দুইবার চ্যাম্পিয়নস লিগ জয়ের পাশাপাশি গোলকিপার হিসেবে বিশ্বকাপ ও ইউরোতে সর্বাধিক ম্যাচ খেলার রেকর্ডও তাঁর নামে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর