শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ঢাকা

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে ভালো ভেন্যুতে’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৯ আগস্ট ২০২৬, ১০:২৪ এএম

শেয়ার করুন:

‘অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে ভালো ভেন্যুতে’

ডারউইনের মাঠে যে জয় এসেছিল, সেটা শুধু একটা ম্যাচের ফল ছিল না। তেইশ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে নেমে স্বাগতিকদের বিপক্ষে স্মরণীয় জয় তুলে নেওয়া বাংলাদেশ দল এখন দেশে ফিরেছে মাথা উঁচু করে। সিরিজ শেষ হয়েছে ১-১ সমতায়। ম্যাকাইতে ইনিংস ব্যবধানে হারলেও সেই হারের ছায়া ছাপিয়ে গেছে ডারউইনের ইতিহাস। আর এই অর্জনের পর অস্ট্রেলিয়ার চোখে বাংলাদেশের অবস্থান যে বদলে যাবে, সে কথাই বলছেন দলের পেস বোলিং কোচ তালহা জুবায়ের।

শুক্রবার রাতে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। বিমানবন্দরে বিসিবির পরিচালকরা ফুল হাতে অপেক্ষা করছিলেন। ক্রিকেটারদের গলায় মালা, হাতে মিষ্টি স্বাগত জয়ের আনন্দে মিষ্টিমুখ করানো হয় সবাইকে। দেশের মাটিতে পা রাখার পর গণমাধ্যমের সামনে দাঁড়িয়ে তালহা জুবায়ের কথা বলেন সফরের অর্জন ও ভবিষ্যৎ নিয়ে।

তালহা বলেন, ‘সম্মান কতটা নিয়ে ফিরতে পেরেছি, সেটা সবাই বলতে পারবেন। যেকোনো সফরের আগেই আমরা আশাবাদ ব্যক্ত করি। এবারও বিশ্বাস ছিল ভালো কিছু করতে পারব। দল এখন ভালো শেইপে আছে। সবাই বিশ্বাস করছে বাইরের দেশে গিয়েও ভালো ফল করা সম্ভব।’

ভবিষ্যৎ সফর নিয়ে তাঁর আশা আরও স্পষ্ট। তিনি বলেন, ‘আমার মনে হয় অস্ট্রেলিয়া পরের বছরই আমাদের ডাকবে। ডারউইন বা ম্যাকাইতে নয়, আরও ভালো ভেন্যুতে খেলার সুযোগ পাব বলে আশা করি।’

অস্ট্রেলিয়ার মাটিতে স্বাগতিকদের হারানো যে সহজ নয়, সে কথাও মনে করিয়ে দেন তালহা। তাঁর মতে, এই সফরের সবচেয়ে বড় পাওয়া শুধু একটা টেস্ট জয় নয়। বরং দলের ভেতরে যে আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেটাই সবচেয়ে মূল্যবান। তিনি বলেন, ‘অনেক দিন পর দেশে এসে ভালো লাগছে। আমরা ভালো করে ফিরতে পেরেছি, এটাই বড় কথা। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো একদমই সহজ নয়। এখানে সবাই ভালো ফিল করছে। যে অভিজ্ঞতা হয়েছে, তাতে বিশ্বাস জন্মেছে; যেকোনো দলকে হারানো সম্ভব।’

সফরের আগে থেকেই অস্ট্রেলিয়াকে হারানোর বিশ্বাস ছিল বলে জানান তালহা। প্রস্তুতি ম্যাচে পারফরম্যান্স প্রত্যাশিত না হলেও মূল লড়াইয়ে নিজেদের সামর্থ্যের ওপর আস্থা রেখেছিল দল। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ। আশা তো ছিলই। এই বিশ্বাস নিয়েই গিয়েছিলাম। প্রথম টেস্টের আগে প্রস্তুতি ভালো ছিল। সবাই মানিয়ে নিয়েছিল। প্রস্তুতি ম্যাচে ভালো করতে পারিনি বলে অনেকেই চিন্তিত ছিলেন। কিন্তু আমাদের বিশ্বাস ছিল, ওটা হয়তো বাজে দিন। নিজেদের খেলা খেলতে পারলে ভালো কিছু করা যাবে। দেখেছেন, প্রথম ম্যাচে কীভাবে দাপট দেখিয়ে জিতেছি।’

ডারউইন টেস্টের জয়ের কথা বলতে গিয়ে আবেগও লুকাতে পারেননি তিনি। তৃতীয় দিনের শেষে জয়ের সম্ভাবনা স্পষ্ট হয়ে ওঠে। চতুর্থ দিনে সেই স্বপ্ন বাস্তবে রূপ নেয়। তালহা বলেন, ‘কিছু অভিজ্ঞতা, কিছু আবেগ ভাষায় প্রকাশ করা যায় না। অস্ট্রেলিয়াতে গিয়ে অস্ট্রেলিয়াকে হারানো; দুনিয়ার বড় বড় মিডিয়াও এটা নিয়ে কথা বলছে।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর