বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার খেলোয়াড়দের অনাকাঙ্ক্ষিত ও বিতর্কিত আচরণের দায়ে দেওয়া শাস্তি কিছুটা শিথিল করেছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
ম্যাচের শেষ বাঁশি বাজার পর মেটলাইফ স্টেডিয়ামে হট্টগোলে জড়ানোর দায়ে শাস্তি পেয়েছিলেন আর্জেন্টিনার একাধিক সদস্য। এর মধ্যে লেয়ান্দ্রো পারদেস স্প্যানিশ তারকা গাভিকে ঘুষি মেরে মাটিতে ফেলে দেওয়ায় তিনটি ‘আক্রমণাত্মক অপরাধে’ দোষী সাব্যস্ত হন। ফলস্বরূপ তাঁকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা এবং ৬৬,৫০০ পাউন্ড জরিমানা করা হয়। এছাড়া নাহুয়েল মলিনা ৭ ম্যাচ, কোচ রবের্তো আয়ালা ৩ ম্যাচ এবং থিয়াগো আলমাদা ১ ম্যাচের নিষেধাজ্ঞা পান।
১০ ম্যাচের নিষেধাজ্ঞার কারণে পারদেসকে প্রায় এক বছরেরও বেশি সময় আন্তর্জাতিক ফুটবলের বাইরে থাকতে হতো। তবে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) আবেদনে সাড়া দিয়ে ফিফা জানিয়েছে, আন্তর্জাতিক ম্যাচের পাশাপাশি 'ক্লাস এ' প্রীতি ম্যাচেও এই নিষেধাজ্ঞা কার্যকর করা যাবে।
এর ফলে ২০২৬ সালের শেষ হওয়ার আগেই পারদেসের নিষেধাজ্ঞার বড় একটি অংশ পার করে ফেলা সম্ভব হবে। প্রীতি ম্যাচে শাস্তি কাটানোর সুযোগ থাকায় আর্জেন্টিনা এখন দ্রুততম সময়ে বেশ কিছু প্রীতি ম্যাচের আয়োজন করতে পারে। আগামী শরতে থাকা দুটি আন্তর্জাতিক বিরতিতে আর্জেন্টিনা যদি ছয়টি 'ক্লাস এ' প্রীতি ম্যাচ খেলে, তবে ২০২৭ সালে যাওয়ার আগেই পারদেসের নিষেধাজ্ঞা মাত্র ৪ ম্যাচে নেমে আসবে এবং মলিনার বাকি থাকবে মাত্র ১ ম্যাচ। আর সেপ্টেম্বর শেষেই খেলায় ফিরতে পারবেন আলমাদা।
তবে এই শাস্তিতেও সন্তুষ্ট নয় আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। তারা এই নিষেধাজ্ঞা আরও কমানোর জন্য ফিফার অ্যাপিল কমিটি এবং প্রয়োজনে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে (সিএএস) আপিল করার পরিকল্পনা করছে।
উল্লেখ্য, টুর্নামেন্ট চলাকালীন অন্যান্য অপরাধের জন্য এএফএ-কে ২,৩৭,০০০ পাউন্ড জরিমানা করা হয়েছে এবং তাদের পরবর্তী হোম ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতা ৫০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল জয়ের পর ‘ফকল্যান্ডস আর্জেন্টিনার’ (মালভিনাস) লেখা রাজনৈতিক ব্যানার প্রদর্শন, দলগত বিশৃঙ্খলা, সমর্থকদের বর্ণবাদী আচরণ এবং স্টেডিয়ামের শৃঙ্খলা ভঙ্গের দায়ে এই বাড়তি জরিমানা করা হয়।
বৃহস্পতিবার এক বিবৃতিতে এএফএ জানায়, খেলোয়াড়দের অধিকার রক্ষায় ফিফার সিদ্ধান্তের লিখিত জবাবের অপেক্ষায় রয়েছে তারা, যেন আনুষ্ঠানিকভাবে এই শাস্তির বিরুদ্ধে আপিল করা যায়।




