রাতের অন্ধকারে সামাজিক যোগাযোগ মাধ্যমে হঠাৎ একটা গুজব ছড়িয়ে পড়ে। কেউ কেউ বলতে শুরু করেন, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে শহীদ আবু সাঈদের নামে থাকা স্ট্যান্ডের নামফলক সরিয়ে ফেলা হয়েছে। পুরনো ছবি ঘুরিয়ে দেখিয়ে দাবি তোলা হয়, নামটাই বাদ দেওয়া হয়েছে। যাচাই-বাছাই ছাড়াই সেই খবর ভাইরাল হয়ে যায়। এমন পরিস্থিতিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) স্পষ্ট বার্তা দিয়েছে, নামফলক ঠিক আছে, কোনো পরিবর্তন হয়নি।
বিসিবির প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইনে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তাতে দাবি করা হয় বর্তমান বোর্ড শেরেবাংলা স্টেডিয়ামের শহীদ আবু সাঈদ স্ট্যান্ড বাতিল করেছে। বোর্ড জানিয়েছে, দেশের কোনো আন্তর্জাতিক ভেন্যুর স্ট্যান্ডের নাম পরিবর্তন বা বাদ দেওয়ার কোনো সিদ্ধান্তই তারা নেয়নি।
প্রতিষ্ঠানটি আরও বলেছে, তাদের আয়োজিত আন্তর্জাতিক ও ঘরোয়া ম্যাচে স্ট্যান্ডগুলোর নাম সবসময় স্পষ্টভাবে দেখানো হয়। চলতি বছর বর্তমান বোর্ড দায়িত্ব নেওয়ার পর স্টেডিয়ামে তিনটি আন্তর্জাতিক সিরিজের ম্যাচ হয়েছে। সেসব ম্যাচে শহীদ আবু সাঈদ স্ট্যান্ডসহ সব স্ট্যান্ডের নাম দর্শকদের সামনে এবং টেলিভিশন সম্প্রচারে স্পষ্ট দেখা গেছে। টিকিট ও প্রচারসামগ্রীতেও নাম উল্লেখ ছিল।
বিসিবি জানিয়েছে, স্টেডিয়ামের নিয়মিত রক্ষণাবেক্ষণের সময় নামের সাইনেজ ক্ষতিগ্রস্ত হতে পারে বা সাময়িক সরিয়ে রাখা হতে পারে। তবে এ কাজ সবসময় ম্যাচ না থাকার দিনেই করা হয়। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদের আত্মত্যাগের স্বীকৃতি হিসেবেই তার নামে স্ট্যান্ডের নামকরণ করা হয়েছে। এ নিয়ে কোনো বিভ্রান্তির সুযোগ নেই বলে বোর্ড মনে করে।
সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের ভুল তথ্য ছড়ানোকে উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা বলে মনে করছে বিসিবি। তাদের মতে, এর লক্ষ্য বোর্ডের ভাবমূর্তি নষ্ট করা। এ ধরনের কাজের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অধিকার তারা সংরক্ষণ করেছে।




