বুধবার, ২৬ আগস্ট, ২০২৬, ঢাকা

গোলরক্ষকের বদলে ৫০ মিনিটের বেশি গোলপোস্ট সামলে নায়ক ইংলিশ ডিফেন্ডার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৬ আগস্ট ২০২৬, ১১:০৭ এএম

শেয়ার করুন:

গোলরক্ষকের বদলে ৫০ মিনিটের বেশি গোলপোস্ট সামলে নায়ক ইংলিশ ডিফেন্ডার

ইংলিশ ফুটবলের চতুর্থ স্তর লিগ টু-তে ঘটেছে এক অবিশ্বাস্য এবং স্মরণীয় ঘটনা। মূল গোলরক্ষক চোট পেয়ে মাঠ ছাড়ার পর এবং দলে আর কোনো বিকল্প গোলরক্ষক না থাকায় বাধ্য হয়ে গোলপোস্টের দায়িত্ব তুলে নেন ট্রানমেয়ার রোভার্সের এক তরুণ ডিফেন্ডার। আর ম্যাচের বাকি সময়টা দুর্দান্তভাবে গোলবার সামলে দলের পয়েন্ট নিশ্চিত করে রাতারাতি নায়ক বনে যান ববি ফকনার।

পোর্ট ভেলের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচে খেলতে নেমেছিল ট্রানমেয়ার রোভার্স। ম্যাচের ১৮তম মিনিটে জর্জ বায়ার্সের পেনাল্টি গোল থেকে পিছিয়ে পড়ে ট্রানমেয়ার। এরপর ৫৩তম মিনিটে ট্রানমেয়ারের প্রধান কোচ ড্যারেল ক্লার্কের জন্য বড় ধাক্কা হয়ে আসে দলের একমাত্র ফিট গোলরক্ষক হ্যারিসন মেলের চোট। চোট গুরুতর হওয়ায় তাকে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়।

দলে কোনো বিকল্প গোলরক্ষক না থাকায় প্রশ্ন ওঠে, গোলপোস্ট সামলাবেন কে? শেষ পর্যন্ত গ্লাভস হাতে পোস্টের নিচে দাঁড়ানোর কঠিন দায়িত্ব নেন ২০০৪ সালে জন্মগ্রহণকারী তরুণ সেন্টার-ব্যাক ববি ফকনার, যিনি চলতি মৌসুমে ডনকাস্টার রোভার্স থেকে ধারে ট্রানমেয়ারে খেলছেন।

ফকনার গোলবারে দাঁড়ানোর পর থেকেই ম্যাচের চিত্র নাটকীয়ভাবে বদলে যায়। একপর্যায়ে সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড, ইন্টার মিলান ও লিভারপুল মিডফিল্ডার পল ইন্সের ছেলে টম ইন্সের দুর্দান্ত এক গোলে ১-১ সমতায় ফেরে ট্রানমেয়ার।

অন্যদিকে নিজের মূল পজিশন ছেড়ে গোলপোস্টে দাঁড়ানো ববি ফকনার হয়ে ওঠেন ম্যাচের আসল কাণ্ডারি। পোস্টের নিচে তার দুর্দান্ত কিছু সেভ, সঠিক সময়ে বক্সের বাইরে এসে বল বের করে দেওয়া এবং একের পর এক ক্লিয়ারেন্সে নিশ্চিত হয় মূল্যবান ১টি পয়েন্ট। ডিফেন্ডার হয়েও গোলরক্ষকের গ্লাভস হাতে ৪০ মিনিটেরও বেশি সময় প্রতিপক্ষকে আটকে রেখে ইংলিশ ফুটবলে এক রূপকথার গল্প লিখলেন ফকনার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর