ক্যামেরুনের উদীয়মান মিডফিল্ডার কার্লোস বালেবাকে ব্রাইটন অ্যান্ড হোভ অ্যালবিয়ন থেকে আনুষ্ঠানিকভাবে দলে ভেড়ানোর ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ২২ বছর বয়সী এই ফুটবলারের সঙ্গে পাঁচ বছরের চুক্তি সম্পন্ন করেছে ক্লাবটি, যার সাথে আরও এক বছর চুক্তি বাড়ানোর সুযোগ রয়েছে।
সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, বালেবাকে পেতে ওল্ড ট্র্যাফোর্ডের ক্লাবটিকে মোট ৭ কোটি পাউন্ড (প্রায় ৯ কোটি ৫০ লাখ ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১ হাজার ১৭২ কোটি টাকার বেশি) খরচ করতে হচ্ছে। এর মধ্যে নিশ্চিত ৬ কোটি ৫০ লাখ পাউন্ডের পাশাপাশি রয়েছে আরও ৫০ লাখ পাউন্ডের সম্ভাব্য অ্যাড-অনস।
গত মৌসুম শেষে মিডফিল্ডার কাসেমিরো ক্লাব ছাড়ার পর মাঝমাঠ পুনর্গঠনে নামে ইউনাইটেড। চলতি গ্রীষ্মকালীন দলবদলে ইউরি টিলেমান্স ও আন্দ্রে সান্তোসের পর বালেবা হচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়া তৃতীয় মিডফিল্ডার। সব মিলিয়ে এবার মাঝমাঠের পেছনে ১৫ কোটি পাউন্ডেরও বেশি অর্থ ব্যয় করেছে ২০ বারের প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা।
২০২৩ সালে ফরাসি ক্লাব লিলে থেকে ব্রাইটনে যোগ দেওয়া বালেবা ক্লাবটির হয়ে ১১২টি ম্যাচে মাঠে নেমেছেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে বালেবা জানান, "নিজের স্বপ্নের ক্লাবে যোগ দেওয়া এক অবিশ্বাস্য অনুভূতি। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সি গায়ে ওল্ড ট্র্যাফোর্ডে খেলতে নামা আমার জন্য অনেক বড় সম্মানের। কোচ মাইকেল ক্যারিকের অভিজ্ঞতা ও ফুটবলের গভীর জ্ঞান আমাকে একজন ফুটবলার হিসেবে আরও উঁচুতে নিয়ে যেতে সাহায্য করবে।"
দলের ফুটবল ডিরেক্টর জেসন উইলকক্স জানান, "কার্লোস একজন উচ্চমানের মিডফিল্ডার, যার নিজেকে আরও বিকশিত করার মতো বিশাল সম্ভাবনা রয়েছে। তার অ্যাথলেটিসিজম এবং মাঝমাঠে বল পুনরুদ্ধারের ক্ষমতা আমাদের দলের শক্তিমত্তা অনেকটাই বাড়িয়ে দেবে।"
প্রাক-মৌসুমে পাওয়া গোড়ালির চোট থেকে বালেবা বর্তমানে পুনর্বাসনে রয়েছেন। ফিট হয়ে ওঠার পর ওল্ড ট্র্যাফোর্ডের মূল একাদশে জায়গা পেতে তাকে লড়াই করতে হবে ইউরি টিলেমান্স, আন্দ্রে সান্তোস, কোবি মাইনুর মতো মিডফিল্ডারদের সাথে।




