মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

লর্ডস টেস্টের আগে পাকিস্তানের সুখবর

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ১০:১৬ পিএম

শেয়ার করুন:

লর্ডস টেস্টের আগে পাকিস্তানের সুখবর

ইংল্যান্ড সফরে প্রথম টেস্টেই ইনিংস ব্যবধানে হেরে সিরিজে পিছিয়ে পড়েছে পাকিস্তান। সাদা পোশাকের ক্রিকেটে পাকিস্তানের দুর্দশা চলছে লম্বা সময় ধরেই। এদিকে দ্বিতীয় টেস্টে ইংলিশদের বিপক্ষে লর্ডস ক্রিকেট গ্রাউন্ডে মাঠে নামবে সফরকারীরা। এর আগে সুসংবাদই পেয়েছে দলটি। লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরুর দুদিন আগে নেটে সফল ব্যাটিং অনুশীলনের পর পাকিস্তানের একাদশে ফিরতে যাচ্ছেন নিয়মিত অধিনায়ক বাবর আজম। আঙুলের চোট কাটিয়ে তিনি শতভাগ প্রস্তুত বলে নিশ্চিত করেছেন দলের বোলিং কোচ উমর গুল।

ওয়েস্ট ইন্ডিজ সফরে প্রথম আঙুলে আঘাত পান বাবর। পরবর্তীতে বেকেনহামে অনুশীলন ম্যাচের সময় একই জায়গায় পুনরায় আঘাত পেলে প্রথম টেস্টের একাদশ থেকে ছিটকে যান তিনি। হেডিংলিতে প্রথম টেস্টে স্বাগতিকদের কাছে ইনিংস পরাজয়ের স্বাদ পাওয়া পাকিস্তানের ব্যাটিং লাইনাপের জন্য বাবরের প্রত্যাবর্তন বিরাট স্বস্তির বার্তা নিয়ে আসছে।

মঙ্গলবার গণমাধ্যমকে উমর গুল বলেন, "বাবর নেটে পেসার, স্পিনার এবং থ্রো-ডাউন- সব ধরণের বোলিং স্বাচ্ছন্দে সামলেছেন। পুরো একটা সেশন তিনি ব্যাটিং করেছেন এবং তাকে বেশ সাবলীল দেখাচ্ছিল। আশা করছি পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন।"

লর্ডস টেস্টে বাবর আজম নামলে অধিনায়কত্বের দায়িত্বও তার কাঁধেই থাকবে। ২০২০ সালের পর এই প্রথম ইংলিশদের মাটিতে পাকিস্তান দলকে নেতৃত্ব দেবেন তিনি। বাবরের ফেরায় একাদশে পরিবর্তন আসছে; তরুণ ব্যাটার আজান ওয়াইস বাদ পড়তে পারেন এবং শান মাসুদ কিংবা আব্দুল্লাহ শফিকের মধ্যে কেউ একজন উদ্বোধনী ইনিংসে ব্যাট করতে নামবেন। চার নম্বর পজিশনে ফিরবেন বাবর।

ইংল্যান্ডের মাটিতে বাবরের ব্যাটিং রেকর্ড বেশ চমৎকার। সেখানে ৬ ইনিংসে ৬৫.৭৫ গড়ে তিনটি হাফ-সেঞ্চুরি রয়েছে তার। ইংলিশদের বিপক্ষে খেলা মোট ১৪ ইনিংসে ৫৩.৮৩ গড়ে ব্যাট করেছেন এই পাকিস্তানি তারকা।

তবে শুধু বাবরের ফেরার ওপর নির্ভর না করে পুরো দলকে দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়েছেন বোলিং কোচ। উমর গুল যোগ করেন, "প্রথম টেস্টের ভুলগুলো থেকে আমাদের শিখতে হবে। যেকোনো টেস্ট জিততে হলে সব বিভাগেই ভালো করতে হবে। বিশেষ করে এই কন্ডিশনে বোলারদের দায়িত্ব বেশি, কারণ ২০ উইকেট না নিলে টেস্ট জেতা অসম্ভব। আমাদের ছেলেরা কঠোর অনুশীলন করেছে এবং আশা করি লর্ডসে আমরা দারুণভাবে ঘুরে দাঁড়াতে পারব।"

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর