মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৯:৩০ পিএম

শেয়ার করুন:

টানা তিন জয়ের পর হারের স্বাদ পেল বাংলাদেশ এইচপি দল

টপ এন্ড টি-টুয়েন্টি সিরিজে টানা তিন জয়ের পর প্রথম হারের তিক্ত স্বাদ পেল দারুণ ফর্মে থাকা বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) দল। মঙ্গলবার ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমির কাছে ২১ রানে হেরেছে বাংলাদেশ।

১৬৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে একপর্যায়ে আরিফুল ইসলামের হাফ-সেঞ্চুরিতে ৪ উইকেটে ১২৭ রান তুলে জয়ের পথেই ছিল বাংলাদেশ এইচপি। কিন্তু শেষ দিকে মাত্র ৩ রানের ব্যবধানে ৫ উইকেট হারিয়ে নাটকীয় ধসের শিকার হয় দলটি। ফলে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৩ রানেই থেমে যায় তাদের ইনিংস।

অ্যাডিলেডের বাঁহাতি পেসার লাকলান ব্যাংসের ১৮তম ওভারে শামীম হোসেন (১৮) আউট হওয়ার পর একই ওভারে শূন্য রানে ফেরেন সাকলাইন এবং ৫৪ বলে ৬৬ রান করা আরিফুল ইসলাম। ব্যাংস ২৯ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন। পরের ওভারে হেনরি থর্নটন দ্রুত আবু হায়দার রনি ও রাকিবুল হাসানকে ফিরিয়ে বাংলাদেশের চতুর্থ টানা জয় ছিনিয়ে নেওয়ার সব আশা শেষ করে দেন।

এই হারের পরও ৪ ম্যাচে ৩ জয়ে ৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বাংলাদেশ এইচপি। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৬৪ রান তোলে অ্যাডিলেড স্ট্রাইকার্স একাডেমি। দলের হয়ে টমাস কেলি ৩৮, হেনরি হান্ট ৩৫ এবং নোয়াহ ম্যাকফ্যাডিয়েন ৩১ রান করেন।

বাংলাদেশ এইচপির হয়ে দারুণ বোলিং করে ২১ রানে ৪টি উইকেট নেন সাকলাইন। অন্যদিকে অফ-স্পিনার মো. রুবেল ৩০ রানে ৩টি উইকেট শিকার করেন। টুর্নামেন্টে এখন পর্যন্ত ৪ ম্যাচে সর্বোচ্চ ১৪টি উইকেট নিয়ে বোলিং তালিকার শীর্ষে অবস্থান করছেন রুবেল।

একই মাঠে বৃহস্পতিবার নিউজিল্যান্ড 'এ' দলের মুখোমুখি হয়ে জয়ের ধারায় ফিরতে মাঠে নামবে বাংলাদেশ এইচপি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর