মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

‘ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজনে টাকা খরচ করতে চায় না সরকার’

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০৫:০৫ পিএম

শেয়ার করুন:

ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজনে টাকা খরচ করতে চায় না সরকার 

পাঁচবারের বিশ্বকাপজয়ী ব্রাজিল বাংলাদেশে এসে খেলবে, এমন আলোচনা কদিন ধরেই ভেসে বেড়াচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যম এবং গণমাধ্যমে। বাংলাদেশে এসে বাংলাদেশের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে, এমন গুঞ্জণও শোনা যাচ্ছিল। ইতিমধ্যেই ব্রাজিল ফুটবল দলের একটি প্রতিনিধি দল রাজধানীসহ দেশের দুটি ভেন্যু পরিদর্শন করে বাফুফেকে কিছু পর্যবেক্ষণ দিয়েছে।

এসব আলোচনার মধ্যেই জানা যায়, আগামী অক্টোবরে ঢাকায় বাংলাদেশের সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে চেয়েছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল। তবে এই ম্যাচ আয়োজন করতে সব খরচ বাফুফেকেই বহন করতে হবে। আর বিশাল খরচ মেটাতে সরকারের দ্বারস্থ হওয়ার আভাস দিয়েছিল বাংলাদেশের ফুটবল নিয়ন্ত্রক সংস্থাটি। 

তবে সরকার ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজনের পেছনে অর্থ খরচ করতে রাজি নয় বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। আজ ঢাকায় বক্সিং ফেডারেশন আয়োজিত কোচেস ট্রেনিংয়ের সমাপনী অনুষ্ঠান শেষে তিনি এক প্রশ্নে উত্তরে ব্রাজিলের সফর নিয়ে সরকার কোনো অর্থ ব্যয়ের মানসিকতায় নেই বলে জানিয়ে দিয়েছেন।

দেশের চলমান অর্থনৈতিক অবস্থায় ব্রাজিল-বাংলাদেশ ম্যাচ আয়োজনে সরকার অর্থ ব্যয় করার মত অবস্থায় নেই জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, ‘এক কথায় উত্তর দিলে এই মুহূর্তে আমরা সরকারে পক্ষ থেকে...এ ধরনের অর্থ ব্যয় করে...যেহেতু আপনারা জানেন...বিদ্যুৎ-জ্বালানি বিভিন্ন সেক্টর নিয়ে আমাদের অনেক বেশি ব্যয় বহন করতে হচ্ছে, সে ক্ষেত্রে একটি ম্যাচকে উপলক্ষ করে সরকারের পক্ষ থেকে এ ধরনের ব্যয় করার মতো মানসিকতা আমাদের ভেতরে নেই।’

তিনি আরও বলেন, ‘বাফুফের সঙ্গে যেহেতু কথা হয়েছে (ব্রাজিল প্রতিনিধিদলের), তারা যদি বিভিন্ন স্পনসর এনে সেটাকে পরিপূর্ণতা দিতে পারে, তাহলে আমরা সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করব।’

ব্রাজিলের বিপক্ষে ম্যাচ আয়োজনে সরকারের সহযোগীতার বিষয়ে তিনি আরও বলেন, ‘বিষয়টা (ব্রাজিলের ঢাকা আসার সম্ভাবনা) একদম প্রাথমিক পর্যায়ে আছে। বাফুফের সভাপতির সঙ্গে আমার কথা হয়েছে। আমরা প্রাথমিক আলোচনাই করেছি। ব্যয়ভার বহনসহ আনুষঙ্গিক বিষয়গুলো নিয়ে এখনো খোলামেলা আলোচনা হয়নি।’

ব্রাজিল দল এসে বাংলাদেশের বিপক্ষে খেললেই যে দেশের ফুটবলের খুব উন্নতি হবে, এমনটা ভাবেন না জানিয়ে ক্রীড়া প্রতিমন্ত্রী আরও বলেন, ‘আমরা যেটা বিশ্বাস করি, ব্রাজিল টিম যদি বাংলাদেশে আসে, এসে যদি আবার বাংলাদেশ টিমের সঙ্গে খেলে, তাহলে সেটা বাংলাদেশের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট। কিন্তু আমার বাংলাদেশের ফুটবল কতটুকু এগোবে এর মাধ্যমে, এটা নিয়ে আমি খুব বেশি আশাবাদী নই এ কারণে, ম্যাচ হবে, হয়তোবা বাংলাদেশ ব্রাজিলের সঙ্গে খেলবে, মানুষের যে প্রত্যাশা...সেটা হয়তোবা পূরণ হবে। দর্শকেরা হয়তোবা একটু আনন্দিত হবেন, কিন্তু ব্রাজিল টিম খেলে গেলে যে বাংলাদেশের ফুটবলে পরিবর্তন আসবে—এ বিষয়ের সঙ্গে আমি একমত নই।’

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর