মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ঢাকা

জয়ে চেলসিতে অভিষেক রাঙালেন রিয়ালের সাবেক কোচ আলোনসো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫ আগস্ট ২০২৬, ০২:৩৫ পিএম

শেয়ার করুন:

জয়ে চেলসিতে অভিষেক রাঙালেন রিয়ালের সাবেক কোচ আলোনসো

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসির ডাগআউটে নিজের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচেই ৩-২ ব্যবধানের এক রোমাঞ্চকর জয় দিয়ে শুভসূচনা করেছেন নতুন কোচ জাবি আলোন্সো। সোমবার রাতে ক্র্যাভেন কটেজে ফুলহ্যামকে হারানোর পর দলের তিন ফরোয়ার্ড- জোয়াও পেদ্রো, কোল পালমার ও মরগান রজার্সের ভূয়সী প্রশংসা করে আলোন্সো বলেন, বাকি দলকে অনুপ্রাণিত করার মতো সব ক্ষমতাই এই তিনজনের রয়েছে।

ম্যাচের মাত্র ৩১ সেকেন্ডেই পেদ্রোর গোলে এগিয়ে যায় ব্লুজরা। এরপর চেলসি গোলরক্ষক রবার্ট সানচেজের ভুলের সুযোগ নিয়ে ফুলহ্যামকে সমতায় ফেরান জশ কিং। তবে প্রথমার্ধের শেষদিকে চেলসির হয়ে নিজের অভিষেক ম্যাচেই গোল করে ব্লুজদের পুনরায় ২-১ ব্যবধানে এগিয়ে দেন ১১.৭ কোটি পাউন্ডের নতুন সাইনিং মরগান রজার্স।

বিরতির পর পেদ্রোর পাস থেকে কোল পালমার চেলসির হয়ে তৃতীয় গোলটি করলে ব্যবধান দাঁড়ায় ৩-১। পরবর্তীতে গঞ্জালো গার্সিয়া ফুলহ্যামের হয়ে এক গোল শোধ করে ব্যবধান ৩-২ করলেও শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে আলোন্সোর দল।

ম্যাচ শেষে নিজের নতুন অ্যাটাকিং লাইনআপ নিয়ে সন্তোষ প্রকাশ করে আলোন্সো বলেন, “তারা দলের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হতে যাচ্ছে। ওদের ঘিরে দল গঠনের জন্য ওদের দায়িত্ব নিতে হবে, বাকিদের নেতৃত্ব দিতে হবে এবং অনুপ্রাণিত করতে হবে। ওরা ভালো খেললে দলও অনুসরণ করবে। আমি ওদের তিনজনের জন্যই খুব খুশি।”

বিশ্বকাপ দল থেকে বাদ পড়া কোল পালমারের ফর্মে ফেরা নিয়ে আলোন্সো যোগ করেন, “কোলের এমন পারফরম্যান্স দেখে আমি খুবই আনন্দিত। মাঠে ওর গতিশীলতা, স্বাধীনতা ও দায়িত্ব নেওয়ার মানসিকতা উপভোগ করেছি। চেলসিকে আরও শক্তিশালী করতে আমাদের এমন পালমারকেই প্রয়োজন।”

অন্যান্য প্রসঙ্গে রক্ষণে সানচেজের কিছু ভুলভ্রান্তি সত্ত্বেও দল হিসেবে শেখার ওপর জোর দেন আলোন্সো। অন্যদিকে চেলসিতে ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন থাকা এনজো ফার্নান্দেজ বদলি হিসেবে মাঠে নামলে ভক্তদের উষ্ণ করতালি পান, যা নিয়ে আলোন্সো ভক্ত ও দলের সম্পর্কের এই ইতিবাচক দিকটিকে সাধুবাদ জানান।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর