সোমবার, ২৪ আগস্ট, ২০২৬, ঢাকা

টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি দল

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৪ আগস্ট ২০২৬, ০৪:১৩ পিএম

শেয়ার করুন:

টানা তিন জয়ে শীর্ষে বাংলাদেশ এইচপি দল

ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের জয়রথ ধরে রেখেছে বাংলাদেশ হাই পারফরম্যান্স (এইচপি) একাদশ। রোববার ভিক্টোরিয়া ক্রিকেট অ্যাকাডেমি একাদশকে ৫ উইকেটে হারিয়ে টানা তৃতীয় জয় তুলে নেওয়ার পাশাপাশি পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে সফরকারীরা।

অফস্পিনার মো. রুবেলের চার উইকেটের পর শামীম হোসেনের অপরাজিত অর্ধশতকে ভর করে ১৩২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৬ বল হাতে রেখেই ৫ উইকেটে ১৩৬ রান তুলে জয় নিশ্চিত করে বাংলাদেশ।

টস হেরে ব্যাট করতে নামা ভিক্টোরিয়া একাদশ রুবেলের স্পিন তোপে শুরুতেই বিপদে পড়ে। ম্যাচের দ্বিতীয় ওভারে নিজের প্রথম বলেই ক্যাম্পবেল কেলাওয়েকে (১) বোল্ড করার পর চতুর্থ ওভারে লিয়াম ব্ল্যাকফোর্ডকে (১১) ফেরান রুবেল। অধিনায়ক উইল সাদারল্যান্ড (৩০) ও স্যাম হার্পার প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও রাকিবুল হাসানের স্পিনে সাদারল্যান্ড স্টাম্পড হলে সেই জুটি ভাঙে। ২৮ রানে ৩ উইকেট নিয়ে ভিক্টোরিয়ার মধ্যসারিতে ধস নামান রাকিবুলও।

ইনিংসের শেষ দিকে রুবেল তাঁর বোলিং জাদুর পূর্ণতা দেন। ১৭তম ওভারে হ্যারি হেকস্ট্রা ও অস্টিন আনলেজার্ককে বোল্ড করে নির্ধারিত ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে ৪ উইকেট নেন তিনি। ভিক্টোরিয়ার পক্ষে স্যাম হার্পার ৪৯ রান করলেও রিপন মণ্ডলের বলে এলবিডব্লিউ হলে ১৯.১ ওভারে ১৩১ রানে অলআউট হয় দলটি।

১৩২ রানের লক্ষ্যে তাড়া করতে নেমে বাংলাদেশ এইচপির শুরুটা ভালো হয়নি। দলীয় ৩-এর মাথায় শূন্য রানে বিদায় নেন হাবিবুর রহমান সোহান। জিশান আলম (১৪) ও আরিফুল ইসলাম (১৮) ইনিংস সামলানোর চেষ্টা করলেও সাব্বির রহমান (৫) দ্রুত বিদায় নিলে ৩৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

সেখান থেকে দলের হাল ধরেন শামীম হোসেন ও অধিনায়ক ইরফান শুক্কুর। পঞ্চম উইকেটে দুজনে মিলে গড়া ৮৩ রানের আগ্রাসী জুটি ম্যাচের চিত্র পুরোপুরি বদলে দেয়। শুক্কুর ৩২ বলে দুটি ছক্কায় ৪৩ রান করে আউট হলেও জয়ের ভিত তৈরি হয়ে যায়। অন্যদিকে ৩৩ বলে অপরাজিত ৫১ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন শামীম, যেখানে ছিল দুটি চার ও তিনটি ছক্কার মার। অন্য প্রান্তে আবদুল গাফফার সাকলাইন ৪ বলে অপরাজিত ৬ রান করলে ১৭.২ ওভারেই অনায়াস জয় পায় বাংলাদেশ এইচপি একাদশ।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর