১৯৮৬ সালের ফুটবল বিশ্বকাপে ইংল্যান্ডের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনালে ডিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত ‘হ্যান্ড অব গড’ গোলে ব্যবহৃত ম্যাচ বলটি নিলামে প্রায় ৩.৩ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি মুদায় যা প্রায় ৪০ কোটি টাকার বেশি) বিক্রি হয়েছে।
শনিবার যুক্তরাষ্ট্রের হেরিটেজ অকশন্সে ঐতিহাসিক এই ফুটবলটি বিক্রি হয়। যদিও নিলামকারী প্রতিষ্ঠানের ধারণা ছিল ফুটবলটির দাম প্রায় ১০ মিলিয়ন ডলার পর্যন্ত উঠতে পারে।
মেক্সিকো বিশ্বকাপের সেই কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের গোলরক্ষক পিটার শিলটনের মাথার ওপর দিয়ে হাত দিয়ে বল জালে পাঠিয়েছিলেন ম্যারাডোনা। ম্যাচ শেষে গোলটি নিয়ে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি বলেছিলেন, গোলটি করা হয়েছে "কিছুটা ম্যারাডোনার মাথা আর কিছুটা ঈশ্বরের হাত দিয়ে"। সেই ম্যাচেই ইংল্যান্ডের পাঁচ ডিফেন্ডার ও গোলরক্ষককে কাটিয়ে একক প্রচেষ্টায় শতাব্দীর সেরা গোলটি (গোল অব দ্য সেঞ্চুরি) করেছিলেন এই আর্জেন্টাইন কিংবদন্তি।
ম্যাচ শেষ হওয়ার পর টিউনিশিয়ার রেফারি আলি বিন নাসের বলটি নিজের সংগ্রহে নিয়ে যান। দীর্ঘ ৩৬ বছর নিজের কাছে রাখার পর ২০২২ সালে তিনি এটি ২.৩৭ মিলিয়ন ডলারে বিক্রি করে দেন। এরপর নতুন মালিক ২০২৩ সালে বলটি ফের নিলামে তুললেও কাঙ্ক্ষিত দাম না পাওয়ায় তা বিক্রি হয়নি। অবশেষে হেরিটেজ অকশন্সের মাধ্যমে নতুন ঠিকানা খুঁজে পেল 'অ্যাডিডাস অ্যাজটেকা' ব্র্যান্ডের এই ঐতিহাসিক বলটি।
উল্লেখ্য, একই ম্যাচে ম্যারাডোনার পরা ঐতিহাসিক জার্সিটি ২০২২ সালের এক নিলামে ৭.১ মিলিয়ন পাউন্ডে বিক্রি হয়েছিল।




