রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শন ব্রাজিলের প্রতিনিধি দলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৮:৩৩ পিএম

শেয়ার করুন:

ঢাকার দুই স্টেডিয়াম পরিদর্শন ব্রাজিলের প্রতিনিধি দলের

ব্রাজিলের জাতীয় দল কিংবা অন্যান্য আন্তর্জাতিক দলের ম্যাচ আয়োজনের সম্ভাব্যতা যাচাই করতে ঢাকার জাতীয় স্টেডিয়াম পরিদর্শন করেছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) একটি পাঁচ সদস্যের প্রতিনিধিদল। রবিবার ঢাকায় পৌঁছে প্রতিনিধিদলটি স্টেডিয়ামটির অবকাঠামো পর্যালোচনা করে।

ব্রাজিল পুরুষ জাতীয় দলের জেনারেল সুপারভাইজার সার্জিও ডিমাস দে অলিভেইরার নেতৃত্বে এই প্রতিনিধিদলটি স্টেডিয়ামে প্রায় ৪৫ মিনিট অবস্থান করে। পরিদর্শনের সময় তাঁরা মাঠের পিচ, ড্রেসিংরুম, গ্যালারি এবং ড্রেনেজ ও পানি সেচ ব্যবস্থা ঘুরে দেখেন। মূলতঃ ভবিষ্যতের আন্তর্জাতিক ম্যাচের জন্য স্টেডিয়ামটিকে নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করা যায় কি না, তা যাচাই করা ছিল এই সফরের মূল উদ্দেশ্য।

বাফুফের নির্বাহী কমিটির সদস্য ইকবাল হোসেন জানান, প্রতিনিধিদলটি ভেন্যু নিয়ে আগ্রহ দেখালেও এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। তিনি বলেন, "তারা আমাদের জানিয়েছে, ভবিষ্যতে তারা আমাদের এই স্টেডিয়াম নিরপেক্ষ ভেন্যু হিসেবে ব্যবহার করতে পারে কিংবা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ খেলতে পারে। আমরা তাদের জানিয়েছি যে মাঠের সংস্কার কাজ চলছে এবং তা পুরোপুরি শেষ হতে আরও অন্তত দুই সপ্তাহ সময় লাগবে।"

উল্লেখ্য, আগামী ৩ অক্টোবর কলকাতার সল্টলেক স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল দল। সেই ম্যাচ উপলক্ষে কলকাতায় ভেন্যু পরিদর্শন শেষে প্রতিনিধিদলটি সরাসরি ঢাকায় আসে। ভারতের বিপক্ষে ম্যাচের আগে ব্রাজিল দল ঢাকায় অনুশীলন করবে কি না, এমন প্রশ্নে বাফুফে জানিয়েছে, এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি। একই সাথে বাংলাদেশের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলা নিয়ে কথা উঠলেও এখনই কোনো কিছু নিশ্চিত হয়নি বলে জানা গেছে।

জাতীয় স্টেডিয়াম পরিদর্শনের পর বিকেলে তারা পরিদর্শন করেন বসুন্ধরা কিংস অ্যারেনা, সেখানকার অনুশীলন মাঠ ও গোল্ডস জিম।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর