রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ভিনির প্রতি সমর্থকদের বিরূপ আচরণে ক্ষুব্ধ মরিনিয়ো

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৫:০০ পিএম

শেয়ার করুন:

ভিনির প্রতি সমর্থকদের বিরূপ আচরণে ক্ষুব্ধ মরিনিয়ো

লা লিগার নতুন মৌসুমে এস্পানিওলের বিপক্ষে ২-১ গোলের কষ্টার্জিত জয়ে শুভসূচনা করলেও দলের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস জুনিয়রের প্রতি প্রতিপক্ষ খেলোয়াড় ও সমর্থকদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ ম্যানেজার হোসে মরিনিয়ো। ম্যাচ চলাকালীন ভিনিসিউসকে ধারাবাহিকভাবে ফাউল ও লক্ষ্যবস্তু বানানোর অভিযোগ তুলে এটাকে সরাসরি 'বুলিং' বলে আখ্যা দিয়েছেন তিনি।

রিয়ালের ম্যাচের পঞ্চম মিনিটেই উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয়। এস্পানিওলের অ্যালেক্স কালাত্রাভা পেছন থেকে ভিনিসিউসকে ফাউল করার পর মাটিতে পড়ে থাকা অবস্থায় আবার আঘাত করেন। মাদ্রিদের খেলোয়াড়রা লাল কার্ডের দাবি জানালেও রেফারি কালাত্রাভাকে কোনো শাস্তি দেননি। পরবর্তীতে এই কালাত্রাভাই সমতা ফেরানো গোল করেন, যদিও ৯০ মিনিটে বদলি ফুটবলার কার্লো এসপির লক্ষ্যভেদে শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে মরিনিয়োর দল।

ম্যাচ শেষে ক্ষুব্ধ মরিনিয়ো সংবাদ সম্মেলনে বলেন, "ভিনিসিউস কোনো সাধু-সন্ন্যাসী নয়, তবে প্রথম মিনিট থেকেই ওর সাথে যা করা হয়েছে তা সত্যিই মাত্রাতিরিক্ত। একের পর এক প্রতিপক্ষ দল এই একই কাজ করে যাচ্ছে, একজন এসে ওকে ফাউল করছে, হলুদ কার্ড পেলে নতুন খেলোয়াড় এসে আবার ওকে ফাউল করছে। সমাজে যখন বুলিংয়ের বিরুদ্ধে প্রচারণা চলছে, তখন ভিনির ক্ষেত্রে মাঠের খেলোয়াড় ও গ্যালারির দর্শকদের থেকে আমরা প্রকাশ্য বুলিং দেখতে পাচ্ছি।"

উত্তেজনার মুখে ভিনিসিউসকে মাথা ঠান্ডা রাখার পরামর্শ দিয়ে পর্তুগিজ এই কোচ আরও বলেন, "ওর মানসিক নিয়ন্ত্রণের ঘাটতি পূরণে আমাদের আরও বেশি প্রস্তুতি নিতে হবে। আমি তাকে বলেছি, গোল করার পর উদ্‌যাপনের সময়ও যেন সে সতর্ক থাকে।"

উল্লেখ্য, ভিনিসিউসকে কেন্দ্র করে মরিনিয়োর এই মন্তব্য নতুন বিতর্ক উসকে দিয়েছে। গত মৌসুমে বেনফিকার ম্যানেজার থাকাকালীন রিয়ালের বিরুদ্ধে চ্যাম্পিয়নস লিগ ম্যাচে ভিনিসিউসকে সমকামী বিদ্বেষমূলক মন্তব্য করার দায়ে বেনফিকার জানলুকা প্রেস্তিয়ানি ৬ ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছিলেন। সেই সময়ে মরিনিয়ো খেলোয়াড়ের পক্ষে সাফাই গেয়ে দাবি করেছিলেন যে, ভিনিসিউসের গোল উদ্‌যাপনই দর্শকদের উস্কে দিয়েছিল।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর