২৩ বছর পর টেস্ট খেলতে অস্ট্রেলিয়া সফরে গিয়ে ভালো-খারাপ দুই ধরনের ইতিহাসই গড়েছে বাংলাদেশ। ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বিশাল জয়ে অস্ট্রেলিয়ার মাটিতে অজিদের প্রথমবারের মত হারানোর রেকর্ড গড়ে টাইগাররা। তবে দ্বিতীয় টেস্টেই আবার ইনিংস ব্যবধানে দুই দিনেই হেরেছে সফরকারীরা। দুই ইনিংসেই একশর নিচে অলআউট হয়ে লজ্জার রেকর্ডও গড়েছে।
দুই টেস্টের সিরিজের একটিতে দাপুটে জয়, আরেকটিতে বড় হার। বাংলাদেশ দলের জন্য এই সফর তাই আনন্দ-বেদনা দুই ধরনের অনুভূতিরই। তবে লিটন দাসের জন্য এই সফরটা ভুলে যাওয়ার মতই। দুই টেস্টের সিরিজে তিন ইনিংসে ব্যাট করেও যে রানের খাতাই খুলতে পারেননি এই ব্যাটার।
চোটের কারণে অস্ট্রেলিয়া সফরে লিটন খেলতে পারবেন কি না তা নিয়েই ছিল অনিশ্চয়তা। তবে শেষ পর্যন্ত ফিট হয়ে দলে ছিলেন তিনি। ডারউইনে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট করতে নেমে প্রথম ইনিংসে তিনি খেলেন ১২ বল। তবে রানের খাতা খুলতে পারেননি। মিচেল স্টার্কের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ক্যাচ হয়ে ফিরতে হয় তাকে।
সবে মাত্র চোট থেকে ফিরেছেন, ছন্দে ফিরতে লিটনের তাই আরও একটু সময় প্রয়োজন বলেই মনে করেছিলেন ভক্ত সমর্থকরা। সেই ম্যাচে দ্বিতীয় ম্যাচে আর ব্যাট হাতে নামতে হয়নি লিটনকে। তবে সিরিজের দ্বিতীয় ম্যাচেও ব্যাট হাতে ছন্দ খুঁজে পাননি বাংলাদেশের উইকেটরক্ষক এই ব্যাটার।
ম্যাকাই টেস্টের প্রথম ইনিংসেই চরম ব্যাটিং বিপর্যয়ের শিকার হয় বাংলাদেশ। লিটনেরও রানের খাতা খোলা হয়নি। ৫ বল খেলে ০ রানেই ফিরতে হয় তাকে। এবারও তিনি স্টার্কের বলেই আউট হন, লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে।
এরপর দ্বিতীয় ইনিংসেও আর রানের খাতা খোলা হয়নি বাংলাদেশের এ ব্যাটারের। এবারও তিনি স্টার্কের বলেই ক্যাচ তুলে আউট হন, ১০ বলে করেন ০ রান। সব মিলিয়ে সিরিজে কোনো রানই করতে পারেননি বাংলাদেশি এই ব্যাটার। একই সঙ্গে সিরিজের তিন ইনিংসেই তিনি আউট হয়েছে স্টার্কের বলে।




