মাত্র ২৫ বছর বয়স। ফুটবল মাঠে স্বপ্ন দেখেছিলেন উজ্জ্বল ভবিষ্যতের। কিন্তু সেই স্বপ্ন এক মুহূর্তেই থেমে গেল। শনিবার পর্তুগালের মালভেইরায় অনুষ্ঠিত এক প্রাক-মৌসুম প্রীতি ম্যাচে হঠাৎ অসুস্থ হয়ে মাঠে পড়ে যান কেভিন কাস্ত্রো। আর উঠতে পারেননি তিনি।
রিয়াল স্পোর্ট ক্লাব ও এস্ত্রেলা দে আমাদোরার মধ্যকার ওই ম্যাচের শুরুর দিকেই কাস্ত্রো শরীর খারাপ অনুভব করেন। প্রায় ১০ মিনিটের মাথায় তিনি মাঠে লুটিয়ে পড়েন। সঙ্গে সঙ্গে মাঠের চিকিৎসকরা তাঁকে বাঁচানোর চেষ্টা করেন। ডিফিব্রিলেটর ব্যবহার করা হয়। পরে জরুরি অ্যাম্বুলেন্সে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু নিশ্চিত হয়। মৃত্যুর সঠিক কারণ এখনো জানানো হয়নি। ঘটনার পর ম্যাচটি স্থগিত করে দেওয়া হয়।
কেভিন কাস্ত্রো ইংল্যান্ডের কয়েকটি ক্লাবে খেলেছেন। ২০২১ সালে কিশোর বয়সে ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়নে যোগ দিয়ে আর্সেনালের বিপক্ষে কারাবাও কাপ ম্যাচে প্রথম দলের হয়ে অভিষেক হয় তাঁর। পরে বার্টন, নটস কাউন্টি, গেটসহেড এবং ইয়র্ক সিটির মতো ক্লাবেও সময় কাটিয়েছেন তিনি।
তাঁর মৃত্যুর খবরে শোকের ছায়া নেমে এসেছে পর্তুগালের ফুটবল মহলে। বর্তমান ও সাবেক ক্লাবগুলো গভীর শোক প্রকাশ করেছে। ওয়েস্ট ব্রমউইচ জানিয়েছে, আজ রোববার বার্নলির বিপক্ষে ম্যাচে ২৫ মিনিটে করতালির মাধ্যমে তাঁকে শ্রদ্ধা জানানো হবে। খেলোয়াড়রা কালো আর্মব্যান্ড পরে মাঠে নামবেন।




