রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কায় শান্তরা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:৫৭ এএম

শেয়ার করুন:

ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, ইনিংস হারের শঙ্কায় বাংলাদেশ

ম্যাকাইয়ের সবুজ ঘাসে শরিফুল ইসলামের দুর্দান্ত পেস বোলিং সকালে যখন আশা জাগিয়েছিল, তখন হয়তো কেউ ভাবেনি দিনটি এমন বিষাদময় হবে। ১৪৬ রানের বিশাল লিডের বোঝা মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে আবারও তাসের ঘরের মতো ভেঙে পড়েছে বাংলাদেশের ব্যাটিং লাইনআপ। মিচেল স্টার্কের গতির তোপে মুহূর্তেই ধূলিস্যাৎ হয়ে গেছে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন। এর মধ্যে সবচেয়ে বেশি দৃষ্টিকটু হয়ে উঠেছে অভিজ্ঞ লিটন দাসের টানা শূন্য রানে ফেরার মিছিল। সব মিলিয়ে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়ে এখন ইনিংস হারের প্রহর গুনছে সফরকারীরা।

এ প্রতিবেদন লেখা পর্যান্ত ৬৮ রানে পাঁচ উইকেট হারিয়ে ব্যাট করছে টাইগাররা। ফলে দলটির সামনে এখন ইনিংস হার এড়ানোই বড় চ্যালেঞ্জ। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৭৮ রান প্রয়োজন তাদের।

অথচ দিনের শুরুটা মোটেও হতাশাজনক ছিল না বাংলাদেশের জন্য। আগের দিনের স্কোরের সাথে আর মাত্র ৪৫ রান যোগ করতেই অলআউট হয়ে যায় অস্ট্রেলিয়া। অজিদের ২১০ রানে গুটিয়ে দেওয়ার মূল কারিগর ছিলেন পেসার শরিফুল ইসলাম। একাই ৭ উইকেট তুলে নিয়ে তিনি ক্যারিয়ারের অন্যতম সেরা স্পেল উপহার দেন। অজিদের পক্ষে সর্বোচ্চ ৬৭ রান করা ক্যামেরন গ্রিনকে লেগ বিফোরের ফাঁদে ফেলে নিজের সপ্তম শিকার ধরেন শরিফুল, আর জশ হ্যাজলউডকে ফিরিয়ে অস্ট্রেলিয়ার ইনিংসের সমাপ্তি টানেন স্পিনার তাইজুল ইসলাম। তবে ততক্ষণে স্বাগতিকরা পেয়ে যায় ১৪৬ রানের শক্ত লিড।

এই রান পাহাড় টপকাতে নেমে শুরুতেই খেই হারায় বাংলাদেশ। ইনিংসের দ্বিতীয় ওভারেই মিচেল স্টার্কের জোড়া আঘাতে দিশেহারা হয়ে পড়ে দল। আগেই ব্যাট ঘুরিয়ে লিডিং এজ হয়ে সাদমান ইসলাম (১) ক্যাচ তুলে দেওয়ার ঠিক পরের বলেই বলের লাইন বুঝতে না পেরে সরাসরি বোল্ড হন অভিজ্ঞ মুমিনুল হক। মাত্র ৫ রানে ২ উইকেট হারানোর পর বিপর্যয়ের মাত্রা আরও বাড়ান ওপেনার তানজিদ হাসান তামিম। প্যাট কামিন্সের শরীর বরাবর ধেয়ে আসা শর্ট বলে নিয়ন্ত্রণহীন হুক শট খেলতে গিয়ে স্টার্কের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ৯ রান করা এই বাঁহাতি।

মাত্র ২৪ রানে ৩ উইকেট পড়ে যাওয়ার পর বিপর্যয়ের মুখে দলের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত এবং মুশফিকুর রহিম। দুজনে মিলে দেখেশুনে লাঞ্চ বিরতি পার করেন। কিন্তু বিরতির পর থিতু হয়েও নিজের উইকেট বিলিয়ে দিয়ে আসেন শান্ত। নাথান লায়নের স্পিনে লফটেড শট খেলতে গিয়ে লং অফে ক্যাচ তুলে দেন তিনি। ৪৬ বলে ৬টি বাউন্ডারিতে ৩১ রান করে শান্ত ফিরে গেলে ভাঙে ২৭ রানের জুটির প্রতিরোধ।

অধিনায়কের বিদায়ের পর দলের বিপদ আরও বহুগুণ বাড়িয়ে দেন লিটন দাস। মিচেল স্টার্কের ব্যাক অব লেংথ বলে কোনো ফুট মুভমেন্ট ছাড়াই খোঁচা দিয়ে তৃতীয় স্লিপে ক্যাচ দেন তিনি। এই নিয়ে চলতি সিরিজের তিন ইনিংসে মোট ২৭ বল খেলে একটিও রান করতে পারেননি লিটন, ডারউইন টেস্টের পর ম্যাকাইয়ের দুই ইনিংসেও তাঁর নামের পাশে লজ্জার 'ডাক'!

লিটনের এমন দায়িত্বহীন বিদায়ের পর ২৫ ওভার শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়িয়েছে ৫ উইকেটে মাত্র ৬৮ রান। ইনিংস পরাজয় এড়াতে এখনো ৭৮ রান প্রয়োজন তাদের। ক্রিজে ৫৬ বলে ১৬ রান নিয়ে একপ্রান্ত আগলে মাটি কামড়ে লড়ছেন অভিজ্ঞ মুশফিকুর রহিম, তাকে সঙ্গ দিতে নতুন ব্যাটার হিসেবে যোগ দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। সব মিলিয়ে ম্যাকাই টেস্টে এখন একরাশ হতাশা আর পরাজয়ের শঙ্কা নিয়েই লড়ছে বাংলাদেশ।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর