রোববার, ২৩ আগস্ট, ২০২৬, ঢাকা

মেসির গোলের পরও জিততে পারল না মিয়ামি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৩ আগস্ট ২০২৬, ০৯:১৩ এএম

শেয়ার করুন:

মেসির গোলের পরও জিততে পারল না মিয়ামি

রোববার সকালে ঘরের মাঠেই হোঁচট খেল লিওনেল মেসির ইন্টার মিয়ামি। মেজর লিগ সকারের ম্যাচে টরন্টো এফসির বিপক্ষে ২-১ গোলের ব্যবধানে হেরে গেল তারা। মেসি নিজে গোল করেও দলকে জয় এনে দিতে পারলেন না। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা পাঁচ ম্যাচ জয়হীন থাকার ধারাবাহিকতাও কাটল না মিয়ামির।

ম্যাচে বলের দখল আর আক্রমণের দিক থেকে স্পষ্টভাবে এগিয়ে ছিল মিয়ামি। প্রায় ৬০ শতাংশ সময় বল নিজেদের কাছে রেখে তারা মোট ১০টি শট করেছিল, যার মধ্যে তিনটি লক্ষ্য বরাবর গিয়েছিল। কিন্তু জালে গিয়ে ঢুকেছে মাত্র একটি। অন্যদিকে টরন্টো মাত্র চারটি শট নিয়ে দুটিই গোলে পরিণত করে জয় নিশ্চিত করে।

ম্যাচের একেবারে শুরুতেই ১১ মিনিটে টরন্টো গোল করেছিল, তবে অফসাইডের কারণে সেটি বাতিল হয়। এরপর ১৯ মিনিটে রদ্রিগো দে পলের পাস পেয়ে ফাঁকায় সুযোগ পান লুইস সুয়ারেজ, কিন্তু শট বাইরে চলে যায়। বিরতির আগে মেসির পাস থেকে একাধিক সুযোগ আসে জার্মান বার্তেরামির কাছে, কিন্তু ফিনিশিং ঠিকমতো হয়নি।

দ্বিতীয়ার্ধে ফিরে ৫৮ মিনিটে সম্ভাব্য চোটের কারণে মাঠ ছাড়েন মিয়ামির লেফট ব্যাক সার্জিও রেগুইলন। তার পরের মিনিটেই টরন্টো এগিয়ে যায়। দারুণ কিছু পাসের পর ডি-বক্সের বাইরে থেকে বাম পায়ের শটে জশ সার্জেন্ট গোল করেন। মাত্র তিন মিনিট পরেই ডেরেক এতিয়েন ফিরতি বল পেয়ে ঠান্ডা মাথায় ব্যবধান দ্বিগুণ করেন।

৮১ মিনিটে গোললাইন থেকে জর্জি মিহালোভিচের শট ফিরিয়ে দেন ইয়ান ফ্রে। তার পরের মিনিটেই দে পলের পাস ধরে ডি-বক্সের ভেতর থেকে প্রথম স্পর্শেই বল জালে পাঠান মেসি। চলতি মৌসুমে এটি তার ১৪তম গোল এবং পেশাদার ক্যারিয়ারে ৯২৩তম গোল। কিন্তু এরপর আর কোনো গোল না হওয়ায় মেসির এই গোলও দলকে জয় এনে দিতে পারেনি।

এই হারের পর ইএমএলএসের ইস্টার্ন কনফারেন্সে মিয়ামির অবস্থান আরও পিছিয়ে গেছে। ২১ ম্যাচে ১১ জয় ও ৬ ড্র নিয়ে তাদের পয়েন্ট ৩৯। সমান ম্যাচ খেলে ১০ পয়েন্ট এগিয়ে শীর্ষে আছে ন্যাশভিল।

এসটি

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর