দীর্ঘ ৯ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে ফিরেই দারুণ চমক দেখাল হাল সিটি। নতুন মৌসুমের প্রথম ম্যাচে শক্তিশালী ম্যানচেস্টার ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে ঐতিহাসিক জয় তুলে নিয়েছে দলটি। হালের ঘরের মাঠ এমকেএম স্টেডিয়ামে এটি ইউনাইটেডের বিপক্ষে বিগত ৫২ বছরের মধ্যে প্রথম লিগ জয়।
ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত ফুটবল খেলা হাল সিটি ১৭তম মিনিটে এগিয়ে যায়। অলি ম্যাকবার্নির কর্নার থেকে নেওয়া শট ইউনাইটেড গোলরক্ষক সেনে ল্যামেন্স আটকে দিলেও ফিরতি বলে নিখুঁত ফিনিশিংয়ে জাল খুঁজে নেন সেমি আজায়ি। ৩৭তম মিনিটে ফ্রি-কিক থেকে রিগান স্লেটারের বাড়ানো বলে দুর্দান্ত হেডে দ্বিতীয় গোলটি করে দলকে ২-০ ব্যবধানে এগিয়ে দেন নোবেল মেন্ডি।
বিরতির পর বল দখলে থাকলেও পরিষ্কার কোনো সুযোগ তৈরি করতে পারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। ২০২৪ সালের ডিসেম্বরের পর প্রথমবার রেড ডেভিলদের জার্সিতে বদলি খেলোয়ার হিসেবে মাঠে নামেন মার্কাস র্যাশফোর্ড। ৭৮তম মিনিটে দলের সবচেয়ে বড় সুযোগটি হাতছাড়া করেন ব্রায়ান এমবেউমো, তার নেওয়া শট অনায়াসে আটকে দেন হালের গ্রিক গোলরক্ষক কনস্ট্যান্টিনোস জোলাকিস।
ম্যাচ শেষে ইউনাইটেড অধিনায়ক ব্রুনো ফার্নান্দেস বলেন, “প্রিমিয়ার লিগে অ্যাওয়ে ম্যাচে খেলা সবসময় কঠিন। প্রতিপক্ষের আগ্রাসন ও লড়াইয়ের সাথে নিজেদের মানিয়ে নিতে হয়। আজ সেট-পিস থেকে খাওয়া দুই গোলের মাশুলই আমাদের দিতে হলো।”
হাল সিটির গোলদাতা সেমি আজায়ি উল্লাস প্রকাশ করে বলেন, “শুরুটা চমৎকার হয়েছে। গোল করে দলকে এগিয়ে দিতে পেরে আমি দারুণ আনন্দিত। আমরা বাইরের কোনো কথায় কান দিচ্ছি না, নিজেদের ওপর আমাদের পূর্ণ বিশ্বাস আছে।”
গত আসরে রুবেন আমোরিমের স্থলাভিষিক্ত হয়ে ইউনাইটেডকে লিগ টেবিলে তিন নম্বরে এনে দেওয়া কোচ মাইকেল ক্যারিকের জন্য এই হারটি বড় ধাক্কা। তবে ভেঙে না পড়ার বার্তা দিয়ে ক্যারিক বলেন, “এটা স্রেফ মৌসুমের প্রথম ম্যাচ। হার অবশ্যই কষ্টদায়ক, তবে এতে হঠাৎ করে আমাদের বা ক্লাবের মূল লক্ষ্য বদলে যাবে না। আমরা শান্ত থেকে আগামী সপ্তাহের ম্যাচে মনোযোগ দেব।”




