হেডিংলিতে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ইনিংস ব্যবধানে জয় পেয়েছে ইংল্যান্ড। বিশাল এই জয়ের ম্যাচে ধীরস্থির ৬৬ রানের ইনিংস খেলে টেস্ট ক্রিকেটে সর্বাধিক হাফ-সেঞ্চুরির বিশ্বরেকর্ডে ভারতের ব্যাটিং কিংবদন্তি শচীন টেন্ডুলকারকে স্পর্শ করেছেন ইংল্যান্ডের জো রুট।
১৬৭তম টেস্ট ম্যাচে এসে এটি ছিল রুটের ৬৮তম অর্ধশতক। ভারতের সাবেক ব্যাটার শচীন টেন্ডুলকার তার ২০০ টেস্টের ক্যারিয়ারে সমান ৬৮টি হাফ-সেঞ্চুরি করেছিলেন। এই ৬৬ রানের মাধ্যমে টেন্ডুলকার ও রুট এখন যৌথভাবে টেস্ট ক্রিকেটে ৫০ বা তার বেশি রানকে শতকে রূপান্তর না করার রেকর্ডটিরও শীর্ষস্থান দখল করেছেন।
হেডিংলি টেস্টের দ্বিতীয় দিনে জর্ডান কক্সের (৭৩) সঙ্গে ১৫০ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়ে ইংল্যান্ডের লিড বাড়াতে বড় ভূমিকা রাখেন ৩৫ বছর বয়সী রুট। খুররাম শাহজাদের বলে এলবিডব্লিউ হওয়ার আগে তার ১১২ বলের ইনিংসে ছিল ১০টি চারের মার।
আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে হাফ-সেঞ্চুরির দিক থেকে বর্তমানে রুটের ওপরে আর কোনো ব্যাটার নেই। ৬৬টি অর্ধশতক নিয়ে এই তালিকার তৃতীয় স্থানে রয়েছেন ওয়েস্ট ইন্ডিজের সাবেক ব্যাটার শিবনারায়ণ চন্দ্রপল। এরপরে যৌথভাবে চতুর্থ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালান বর্ডার এবং ভারতের রাহুল দ্রাবিড়, উভয়েরই হাফ-সেঞ্চুরি ৬৩টি করে। অন্যদিকে ৬২টি হাফ-সেঞ্চুরি নিয়ে ষষ্ঠ স্থানে রয়েছেন অস্ট্রেলিয়ার রিকি পন্টিং।
টেস্টে বর্তমানে ৪১টি সেঞ্চুরি রয়েছে জো রুটের। সর্বকালের সেরা রানসংগ্রাহকের তালিকায় শচীন টেন্ডুলকারকে পেছনে ফেলার যাত্রায় আরও একটি মাইলফলক নিজের ঝুলিতে পুরলেন এই ইংলিশ তারকা।




