ম্যাকাই টেস্টের প্রথম দিনে একের পর এক উইকেট পড়তে থাকলেও বাংলাদেশের স্বপ্ন মরেনি। প্রথম দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টে সফরকারীরা এখনো লড়াইয়ের জায়গায় রয়েছে।
ব্যাটিংয়ে ভয়াবহ ধস নামিয়ে বাংলাদেশ মাত্র ৬৪ রানেই অলআউট হয়ে যায়। অস্ট্রেলিয়াও সহজে রান তুলতে পারেনি। দিন শেষে তারা ১৬৫ রানে ৮ উইকেট হারিয়েছে। ফলে বাংলাদেশ ১০১ রানে পিছিয়ে থাকলেও খেলা এখনো মোটেও শেষ হয়ে যায়নি।
এই লড়াইয়ের নেতৃত্বে ছিলেন বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। একাই তুলে নিয়েছেন ৬ উইকেট। ক্যারিয়ারের সেরা বোলিংয়ে তিনি অজি ব্যাটারদের রীতিমতো নাস্তানাবুদ করে দিয়েছেন। তার এই দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই বাংলাদেশ এখনো ম্যাচে টিকে থাকার স্বপ্ন দেখছে।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে শরীফুল বলেন, ‘পাঁচ উইকেট পেলেও আমি স্বাভাবিক আছি। ম্যাচ জিতলে তার (পাঁচ উইকেট পাওয়ার) চেয়ে অনেক বেশি খুশি হব। চেষ্টা করবে যেন আমরা দলগতভাবে খেলতে পারি এবং ম্যাচটা বের করে আনতে পারি। আমাদের ড্রেসিংরুমের বার্তা একটাই—খেলা এখনো শেষ হয়নি, আমাদেরও সময় আসবে।’
প্রথম ইনিংসের বাজে ব্যাটিংকে তিনি খেলার অংশ বলেই মনে করেন। শরীফুল বলেন, ‘এটা শুধু আমাদের একটা খারাপ দিন ছিল। তবে শুধু আমাদেরই না, ওরাও (অস্ট্রেলিয়া) কিন্তু সংগ্রাম করছে। ইনশাআল্লাহ দ্বিতীয় ইনিংসে আমরা ঘুরে দাঁড়াব। আমরা এখনো খেলায় আছি। চেষ্টা করব, দ্বিতীয় ইনিংসের পুরোটা যেন আমাদের হয়।’
আরও যোগ করেন, ‘এখনো তো খেলা শেষ হয়ে যায়নি। প্রথম দিন গেল। ব্যাটিংয়ে আজ আমাদের একটু খারাপ দিন গেছে। প্রতিপক্ষও তো অনেক সরগ্রাম করেছে। দেখা যাক, দ্বিতীয় ইনিংসে আমরা কতটুকু ঘুরে দাঁড়াতে পারি।’




