শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

পাকিস্তান ‘বিশ্বের কোথাও’ ভালো খেলছে না

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৩:৩৪ পিএম

শেয়ার করুন:

পাকিস্তান ‘বিশ্বের কোথাও’ ভালো খেলছে না

হেডিংলিতে সিরিজের প্রথম টেস্টে তিন দিনের মাথায় স্বাগতিক ইংল্যান্ডের কাছে ইনিংস ও ১০৩ রানের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। এমন হারের পর প্রতিপক্ষের ক্রিকেটীয় আধিপত্যকে খোলাখুলিভাবে স্বীকার করে নিয়েছেন অধিনায়ক সালমান আলী আগা। নিয়মমিত অধিনায়ক বাবর আজমের অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেওয়া আগা স্পষ্ট জানান, পাকিস্তান অনেক ভুল করেছে এবং ইংল্যান্ড তাদের সব বিভাগেই পেছনে ফেলে দিয়েছে।

নতুন দায়িত্ব পাওয়া ইংলিশ অধিনায়ক জো রুটের আমন্ত্রণে প্রথমে ব্যাট করতে নেমে ওলি রবিনসন ও জোশ টাংয়ের বোলিং তোপে ১৭১ রানে অলআউট হয় পাকিস্তান। ফর্মে থাকা আব্দুল্লাহ শফিকের লড়াকু হাফ-সেঞ্চুরি ছাড়া আর কেউ দাঁড়াতে পারেননি। জবাবে আলি উসমানের ঐতিহাসিক ৫ উইকেটের পরও জর্ডান কক্স, জো রুট, হ্যারি ব্রুক ও ড্যান লরেন্সের অর্ধশতকে ৪০৯ রানের বড় স্কোর গড়ে ইংল্যান্ড। দ্বিতীয় ইনিংসে ২৩৮ রানের ঘাটতি মেটাতে নেমে মাত্র ১৩৫ রানেই গুটিয়ে যায় সফরকারীরা।

ম্যাচ শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সালমান আলী আগা বলেন, “ইংল্যান্ড আমাদের পুরোপুরি ব্যাকফুটে ঠেলে দিয়েছে, এটি স্বীকার করাই সঙ্গত। আমরা অনেক ভুল করেছি। আমাদের ব্যাটিং বিভাগ এই ইংলিশ কন্ডিশনে অনেকটাই অনভিজ্ঞ, তবে তাদের পারফরম্যান্সে আরও ধারাবাহিকতা আনা প্রয়োজন।”

নিজের পারফরম্যান্সে দুই ইনিংসে যথাক্রমে ২১ ও ৪ রান করা এই অলরাউন্ডার আক্ষেপ করে জানান, তাদের বোলাররা কন্ডিশনের উপযুক্ত ব্যবহার করতে পারেননি। বিশেষ করে পেসারদের গতি নিয়ে সমালোচনার উত্তরে তিনি বলেন, “আমরা যখন বল করছিলাম তখন উইকেটে আর্দ্রতা বা ময়েশ্চার ছিল, কিন্তু বোলাররা সেটির সঠিক সুবিধা নিতে পারেননি। আমাদের দলে ১৪০ কিমি/ঘণ্টার বেশি গতিতে বল করার মতো বোলার রয়েছে, তবে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই তিন পেসার (মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ আলী ও খুররম শাহজাদ) দুর্দান্ত করেছিল এবং এই কন্ডিশন তাদের জন্য মানানসই। আমি এখনও তাদের ওপর আস্থা রাখছি।”

টেস্টে প্রতিনিয়ত পাকিস্তানের বাজে পারফর্ম্যান্সের কথা স্বীকার করে নিয়ে তিনি বলেন, “দেশের বাইরে আমরা ভালো খেলছি না। বিশ্বের কোথাওই আমরা ভালো করতে পারিনি। অবশ্যই এটা উদ্বেগের ব্যাপার। প্রতিটি বৈঠকেই আমরা এ নিয়ে আলোচনা করি। এমনকি দলের আনুষ্ঠানিক বৈঠকের বাইরেও। চেষ্টা করে যাচ্ছি আমরা।”

তিন দিনের মধ্যে বিধ্বস্ত হলেও দলের মধ্যে দুটি বড় ইতিবাচক দিক খুঁজে পেয়েছেন আগা, প্রথম ইনিংসে আব্দুল্লাহ শফিকের ফিফটি এবং বাঁহাতি স্পিনার আলি উসমানের ৫ উইকেট নেওয়া।

এই দুই জুনিয়র সতীর্থের প্রশংসায় অধিনায়ক বলেন, “আমাদের ভুলগুলো শুধরে নিয়ে পরের ম্যাচে আরও শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আলি উসমান যেভাবে এই কন্ডিশনে বল করেছে, তাতে আমি ভীষণ খুশি। একইভাবে আব্দুল্লাহ শফিকও খুব ভালো ব্যাট করেছে।”

আগামী ২৭ থেকে ৩১ আগস্ট লর্ডসে অনুষ্ঠিত হতে যাওয়া দ্বিতীয় টেস্টে নিয়মিত অধিনায়ক বাবর আজম ফিরবেন বলে আশা ব্যক্ত করেন আগা। তিনি বলেন, “আশা করি পরের ম্যাচে বাবর আজম দলে ফিরবেন এবং তার উপস্থিতি আমাদের ব্যাটিং বিভাগকে মানসিকভাবে অনেক বড় শক্তি জোগাবে।”

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর