বিকল্প খেলোয়াড় হিসেবে মাঠে নেমে পেশাদার ফুটবল ক্যারিয়ারের ২৫তম মৌসুমের প্রথম ম্যাচেই ৯৭৭তম গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো। তার গোল করার দিনে সৌদি প্রো লিগে আল রিয়াদকে ৪-০ ব্যবধানে পরাজিত করেছে আল নাসর।
বিশ্বকাপের পর এবং বিয়ের পর্ব শেষ করে প্রথমবারের মতো আল নাসরের স্কোয়াডে ফেরেন ৪১ বছর বয়সী পর্তুগিজ সুপারস্টার। সৌদি প্রো লিগে আল রিয়াদের বিপক্ষে ম্যাচে নতুন কোচ অ্যাঞ্জ পোস্টেকোগলু অবশ্য তাকে শুরুর একাদশে না রেখে বদলি খেলোয়াড়দের তালিকায় রাখেন।
ম্যাচের ৬২ মিনিটে রোনালদো যখন মাঠে নামেন, ততক্ষণে আব্দুলইলাহ আল-আমরি, অ্যাঞ্জেলো গ্যাব্রিয়েল এবং জোয়াও ফেলিক্সের গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে ছিল আল নাসর।
ম্যাচ শেষের মাত্র সাত মিনিট আগে আইমান ইয়াহিয়ার নিচু ক্রস দুর্দান্তভাবে টেনে নিয়ে আট গজ দূর থেকে বল জালে জড়ান রোনালদো। এই গোলের মাধ্যমে ১,০০০ গোলের মাইলফলকের আরও এক ধাপ কাছাকাছি পৌঁছে গেলেন তিনি। ২০২২ সালের ডিসেম্বরে আল নাসরে যোগ দেওয়ার পর সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তার ১৩০তম গোল।
২০০২-০৩ মৌসুমে স্পোর্টিং সিপির হয়ে প্রথম গোল করেছিলেন রোনালদো। টানা ২৫টি পেশাদার মৌসুমে গোল করে তিনি ছাড়িয়ে গেছেন জ্লাতান ইব্রাহিমোভিচকে, যিনি ১৯৯৯ থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত টানা ২৪টি মৌসুমে গোল করার রেকর্ড গড়েছিলেন।
এর আগে লিগের প্রথম ম্যাচে আল ফাতেহের বিপক্ষে এবং মঙ্গলবার আল দিরিয়াহর বিপক্ষে কিংস কাপের ম্যাচে আল নাসরের দলে ছিলেন না রোনালদো।




