শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

শাস্তি পেলেন মেসি

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ১১:৫০ এএম

শেয়ার করুন:

শাস্তি পেলেন মেসি

বাবার মৃত্যুর পর প্রথম গোল উৎসর্গ করার আবেগঘন ম্যাচেও শেষ রক্ষা হয়নি লিওনেল মেসির। ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ড্র হওয়া ম্যাচে প্রতিপক্ষ খেলোয়াড়ের ঘাড়ে হাত দেওয়ার ঘটনায় আর্থিক শাস্তি পেয়েছেন ইন্টার মিয়ামির অধিনায়ক।

বৃহস্পতিবার মেজর লিগ সকারের ওই ম্যাচে ২-২ গোলে ড্র করে ইন্টার মিয়ামি। ম্যাচের দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে বাংলাদেশি বংশোদ্ভূত কুইন সুলিভানের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে তার ঘাড়ের পেছনে হাত দিয়ে আঘাত করেন মেসি। এ ঘটনায় এমএলএস কর্তৃপক্ষ আর্জেন্টাইন তারকাকে অপ্রকাশিত অঙ্কের জরিমানা করেছে।

ম্যাচে এর আগেও উত্তেজনা ছিল। পেনাল্টি এলাকায় ড্রিবল করতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান সুলিভান। তখন ইয়ান ফ্রের সঙ্গে তার জটলা হয়। ফ্রে সুলিভানের ঘাড় ধরে ফেললে উঠে দাঁড়িয়ে ট্যাকল করেন সুলিভান।

ঘটনার রেশ সেখানেই থেমে থাকেনি। অতিরিক্ত সময়ে মাঠের বাইরে সংঘর্ষে জড়িয়ে লাল কার্ড দেখেন মিয়ামির ইয়ানিক ব্রাইট এবং কুইন সুলিভানের ভাই কাভান সুলিভান। তবে কাভানের লাল কার্ড ও এক ম্যাচের নিষেধাজ্ঞা স্বাধীন রিভিউ প্যানেল সর্বসম্মতভাবে প্রত্যাহার করেছে। অন্যদিকে মেসির সতীর্থ ফ্রেকেও জরিমানা গুনতে হয়েছে।

ব্যক্তিগতভাবে ম্যাচটি মেসির জন্য বিশেষ ছিল। বাবার মৃত্যুর পর প্রথমবারের মতো গোলের দেখা পান তিনি এবং দলের প্রথম গোলেও অবদান রাখেন। তবু শেষ পর্যন্ত ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় ইন্টার মিয়ামিকে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর