শনিবার, ২২ আগস্ট, ২০২৬, ঢাকা

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায়

৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২২ আগস্ট ২০২৬, ০৯:১০ এএম

শেয়ার করুন:

৩ ফুটবলারসহ আর্জেন্টিনা দলকে কঠোর শাস্তি ফিফার

গত মাসে মেটলাইফ স্টেডিয়ামে স্পেনের কাছে বিশ্বকাপ ফাইনাল হারার পর যে বিশৃঙ্খলা দেখা গিয়েছিল, তার জের এখন আর্জেন্টিনার ঘাড়ে চেপে বসেছে। ফিফা সেই ঘটনার জন্য মিডফিল্ডার লিয়ান্দ্রো পারেদেসকে ১০ ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছে। এতে কার্যত প্রায় এক বছর আন্তর্জাতিক ম্যাচ থেকে দূরে থাকতে হবে তাকে।

ম্যাচ শেষে দুই দলের খেলোয়াড়দের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সেই সংঘর্ষের মূল কেন্দ্রে ছিলেন পারেদেস। অভিযোগ, তিনি স্পেনের গাভির সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন। এছাড়া অন্যান্য খেলোয়াড় ও কর্মকর্তাদেরও শাস্তি দেওয়া হয়েছে।

নাহুয়েল মলিনাকে সাত ম্যাচের জন্য নিষিদ্ধ করা হয়েছে। তার বিরুদ্ধে হামলা ও হামলার চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়। পারেদেস ও মলিনা দুজনকেই ৯০ হাজার ডলার করে জরিমানা করা হয়েছে। থিয়াগো আলমাদা এবং স্পেনের গাভিকে অশোভন আচরণের দায়ে এক ম্যাচ করে নিষিদ্ধ করা হয়েছে এবং প্রত্যেককে প্রায় ৩০ হাজার ডলার জরিমানা গুনতে হবে।

আর্জেন্টিনার কোচিং স্টাফের সদস্য রবার্তো আয়ালাকে স্পেনের দানি ওলমোর ওপর হামলার অভিযোগে তিন ম্যাচের নিষেধাজ্ঞা ও জরিমানা দেওয়া হয়েছে। ম্যাচেই নির্ধারিত সময়ের যোগ করা সময়ে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়েন এনসো ফার্নান্দেস, ফলে আর্জেন্টিনা ১০ জনেই খেলা শেষ করে।

শুধু ফাইনালের ঘটনা নয়, সেমিফাইনালে ইংল্যান্ডকে হারানোর পর ‘লাস মালভিনাস সন আর্জেন্তিনাস’ ব্যানার প্রদর্শনের জন্যও আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনকে শাস্তি দেওয়া হয়েছে। ফিফা একে অ-ক্রীড়াসংশ্লিষ্ট রাজনৈতিক বার্তা হিসেবে বিবেচনা করেছে। পাশাপাশি ম্যাচ-পরবর্তী অসদাচরণ, সমর্থকদের বর্ণবাদী আচরণ ও নিরাপত্তা বিধি লঙ্ঘনের অভিযোগও আনা হয়। এসব কারণে অ্যাসোসিয়েশনকে ৩ লাখ ২১ হাজার ডলার জরিমানা করা হয়েছে এবং পরবর্তী একটি ঘরের মাঠের ম্যাচে স্টেডিয়ামের ধারণক্ষমতার মাত্র ৫০ শতাংশ দর্শক প্রবেশের অনুমতি থাকবে।

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন পারেদেস, মলিনা ও আলমাদার শাস্তি এবং জরিমানার বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে। তবে আয়ালার নিষেধাজ্ঞার বিরুদ্ধে আপিলের সুযোগ নেই। আগামী এক বছরে প্রতিযোগিতামূলক আন্তর্জাতিক ম্যাচ না থাকলেও প্রীতি ম্যাচের সম্ভাবনা রয়েছে। ফলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে পারেদেসের ওপর।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর