শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফে কিংবদন্তি অজি ব্যাটার!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ০১:৪৩ পিএম

শেয়ার করুন:

অ্যাশেজে ইংল্যান্ডের কোচিং স্টাফে কিংবদন্তি অজি ব্যাটার!

অস্ট্রেলিয়ার কিংবদন্তি ক্রিকেটার মাইকেল হাসিকে এবার নিজ দেশের বিপক্ষে অ্যাশেজ সিরিজে ইংল্যান্ডের টেস্ট ব্যাটিং কোচ হিসেবে দেখা যেতে পারে। ইংলিশদের লাল বলের নতুন কোচ স্টিফেন ফ্লেমিংয়ের প্রস্তাব পাওয়ার পর বিষয়টিতে সম্মতি দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ‘মিস্টার ক্রিকেট’ খ্যাত ৫১ বছর বয়সী এই সাবেক তারকা।

দীর্ঘ ১৫ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল চেন্নাই সুপার কিংসে সতীর্থ ও কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন ফ্লেমিং ও হাসি। সেই সুবাদেই সাবেক এই অজি ব্যাটারকে নিজেদের কোচিং প্যানেলে আনার উদ্যোগ নিয়েছেন ফ্লেমিং।

ইংল্যান্ডের কোচের কাছ থেকে অনানুষ্ঠানিক প্রস্তাব পাওয়ার কথা স্বীকার করে হাসি বলেন, “আমাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক বেশ চমৎকার এবং আমরা দীর্ঘদিন ধরে একসাথে কাজ করেছি। স্রেফ কথায় কথায় তিনি আমাকে বলেছিলেন, 'তুমি কি ইংল্যান্ডের ব্যাটিং কোচ হওয়ার বিষয়টি ভেবে দেখবে?'”

দ্য হান্ড্রেড টুর্নামেন্টে 'ওয়েলশ ফায়ার' দলের কোচের দায়িত্ব শেষে সবেমাত্র দেশে ফিরেছেন হাসি। এখনই সিদ্ধান্ত চূড়ান্ত না করলেও বিষয়টিকে তিনি ইতিবাচক হিসেবেই দেখছেন।

নিজ দেশের বিপক্ষে অ্যাশেজের মতো হাইভোল্টেজ সিরিজে অন্য দলের ডাগআউটে থাকা প্রসঙ্গে হাসি বলেন, “সত্যি বলতে এখনো বিষয়টি নিয়ে গভীরভাবে ভাবার সময় পাইনি। তবে আমি কোনো সম্ভাবনাকেই একদম নাকচ করছি না। ক্রিকেট কোচিং করানো এবং নতুন সব খেলোয়াড়দের সঙ্গে কাজ করা আমার বেশ পছন্দের।”

অস্ট্রেলিয়ার বিপক্ষেই কৌশল সাজানো কিছুটা বিচিত্র অনুভূতি তৈরি করবে স্বীকার করে হাসি জানান, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও তিনি সংক্ষিপ্ত সময়ের জন্য ইংল্যান্ড দলের সাথে কাজ করেছিলেন। তিনি যোগ করেন, “প্রথমবার ইংল্যান্ডের ট্র্যাকিং সুট ও ট্রেনিং শার্ট গায়ে তোলার সময় কিছুটা অদ্ভুত লেগেছিল। তবে নেটে খেলোয়াড়দের সঙ্গে কাজ শুরু করলে তখন কী পোশাক গায়ে আছে তা আর মনে থাকে না। আপাতত ক্রিকেট থেকে কিছুটা বিরতি নিচ্ছি, যথা সময়ে ভেবেচিন্তে এ বিষয়ে সিদ্ধান্ত নেব।”

গত জুলাইয়ে ব্রেন্ডন ম্যাককালামকে সরিয়ে স্টিফেন ফ্লেমিংকে টেস্ট দলের প্রধান কোচ হিসেবে নিয়োগ দেয় ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ফ্লেমিং দায়িত্ব নেওয়ার পরই হাসিকে দলের ব্যাটিং বিভাগের গুরুভার দেওয়ার জন্য আলোচনা শুরু করেন।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর