শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬, ঢাকা

চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২১ আগস্ট ২০২৬, ১২:০৬ পিএম

শেয়ার করুন:

চমক দিয়ে বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের একাদশ ঘোষণা অস্ট্রেলিয়ার

বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্ট শুরু হওয়ার ঠিক আগে স্পিন না চার পেসার, এই নিয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকলেও শেষ পর্যন্ত অফস্পিনার নাথান লায়নকে একাদশে রেখে দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় হতে যাওয়া এই ম্যাচের একাদশে আনা হয়েছে মাত্র একটি পরিবর্তন; ব্যর্থ ওপেনার জেক ওয়েদারল্ডের জায়গায় ফেরানো হয়েছে ম্যাথিউ রেনশকে।

সংবাদ সম্মেলনে অধিনায়ক প্যাট কামিন্স পিচের কন্ডিশন পর্যবেক্ষণ করে দল চূড়ান্ত করতে আরও একদিন সময় নেওয়ার কথা জানালেও, তার বক্তব্য শেষ হওয়ার কয়েক মিনিটের মধ্যেই চূড়ান্ত একাদশ নিশ্চিত করে অজি নির্বাচক মণ্ডলী।

ডারউইনে বাংলাদেশ দলের কাছে ৯ উইকেটে হারার পরও বোলিং আক্রমণে কোনো রদবদল করেনি স্বাগতিকরা। পেস অ্যাটাকে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজেলউডের সাথে একমাত্র স্পিনার হিসেবে লায়নকেই রাখা হয়েছে। ২০২৫ সালে গোলাপি বলের টেস্টে চার পেসার নিয়ে খেলার অভিজ্ঞতা থাকলেও ফিট লায়নকে বাইরে রেখে লাল বলের টেস্টে নামার ঝুঁকি শেষ পর্যন্ত নেয়নি দলটির টিম ম্যানেজমেন্ট।

ওপেনিংয়ে আসা ২৯ বছর বয়সী ম্যাথিউ রেনশ ২০২৩ সালের পর এই প্রথম টেস্ট ক্রিকেটে ফিরলেন। ২০১৬-১৭ মৌসুমে ২০ বছর বয়সে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরি করা রেনশর জন্য এই ভেন্যুটি বেশ চেনা; ম্যাকাইয়ে প্রথম শ্রেণীর ক্রিকেটে দুটি সেঞ্চুরি করার রেকর্ড রয়েছে তার।

এদিকে প্রথম টেস্টে নিজেদের ভরাডুবির কথা স্বীকার করলেও প্রতিপক্ষ বাংলাদেশকে প্রশংসায় ভাসিয়েছেন কামিন্স। তিনি বলেন, “আমরা নিজেদের সেরা ফর্মের ধারেকাছেও ছিলাম না। তবে বাংলাদেশকে এর কৃতিত্ব দিতেই হবে, তারা সত্যিই অসাধারণ ক্রিকেট খেলেছে এবং তারা বেশ ভালো একটি দল।”

দীর্ঘদিন ধরে অফ-ফর্মে থাকা সত্ত্বেও তিন নম্বর পজিশনে মার্নাস লাবুশেনকে রেখে বড় কোনো পরিবর্তনের পথে হাঁটেনি অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া একাদশ: ম্যাথিউ রেনশ, ট্র্যাভিস হেড, মার্নাস লাবুশেন, স্টিভ স্মিথ, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারি (উইকেটরক্ষক), বো ওয়েবস্টার, প্যাট কামিন্স (অধিনায়ক), মিচেল স্টার্ক, নাথান লায়ন, জশ হ্যাজেলউড।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর