৫৯ বছর বয়সে পেনাল্টি থেকে জোড়া গোল করে জাপানের অন্যতম প্রাচীন ফুটবল টুর্নামেন্ট 'ইম্পেরর’স কাপ'-এর ইতিহাসে সবচেয়ে বয়স্ক গোলদাতার রেকর্ড গড়েছেন কিংবদন্তি স্ট্রাইকার কাজুয়োশি মিউরা।
“কিং কাজু” নামে পরিচিত এই ফুটবলার পেশাদার ফুটবল ক্যারিয়ারের ৪২তম মৌসুমে এসে এই সাফল্য অর্জন করলেন। ১০৬ বছরে পদার্পণ করা ইম্পেরর’স কাপের ম্যাচে নন-লিগ দল ওয়ামা সকার ক্লাবকে ৭-০ গোলে হারিয়েছে থার্ড ডিভিশনের দল ফুকুশিমা ইউনাইটেড, যেখানে শুরু থেকেই অধিনায়কের দায়িত্ব সামলেছেন মিউরা।
৫৮ মিনিট মাঠে থাকা মিউরা ১২তম মিনিটে প্রথম পেনাল্টি থেকে গোল করেন। এরপর ৫৫তম মিনিটে তাকে বক্সে ফাউল করা হলে সেখান থেকে নিজের ও দলের দ্বিতীয় গোলটি পান তিনি। ২০০৫ সালের নভেম্বরে সিডনি এফসির হয়ে খেলার পর এটিই তার প্রথম কোনো ম্যাচে জোড়া গোলের রেকর্ড।
ম্যাচ শেষে গণমাধ্যমকে মিউরা বলেন, “প্রতিটি অনুশীলনের পর আমি নিয়মিত পেনাল্টি শট প্র্যাকটিস করি। কারণ সুযোগ কখন আসবে তা কেউ বলতে পারে না। আমার সেই পরিশ্রম কাজে এসেছে দেখে খুব ভালো লাগছে।”
এর আগে এই টুর্নামেন্টে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি ছিল জাপানের সাবেক তারকা শিনজি ওনোর দখলে, যিনি ৪১ বছর বয়সে গোল করেছিলেন।
১৯৮৬ সালে ব্রাজিলিয়ান ক্লাবে পেশাদার ক্যারিয়ার শুরু করা মিউরা ইতালি, ক্রোয়েশিয়া, অস্ট্রেলিয়া ও পর্তুগালেও খেলেছেন। জাতীয় দলের হয়ে ৮৯ ম্যাচে ৫৫টি গোল করা সত্ত্বেও ১৯৯৮ বিশ্বকাপে দল থেকে বাদ পড়া নিয়ে বেশ আলোচনা হয়েছিল। চলতি বছরের জানুয়ারিতে ফুকুশিমা ইউনাইটেডে যোগ দেন এই তারকা।




