ডারউইনে ৯ উইকেটের ঐতিহাসিক জয়ে মেতে থাকলেও ম্যাকাইয়ে দ্বিতীয় টেস্টের আগে দলকে মাটিতে পা রাখার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সিমন্স। সিরিজ সমতায় ফিরতে অস্ট্রেলিয়া যে আরও "আগ্রাসী ও মরিয়া" হয়ে মাঠে নামবে, সে বিষয়ে শিষ্যদের সতর্ক করে দিয়েছেন তিনি।
দীর্ঘ ভ্রমণ শেষে ম্যাকাইয়ে পৌঁছে এক দিনের বাড়তি ছুটি কাটায় বাংলাদেশ দল। বুধবার ডারউইন জয়ের রেশ নিয়েই দুর্দান্ত উদ্দীপনার মধ্যে গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় তিন ঘণ্টার কঠোর অনুশীলনে ফেরেন নাজমুল হোসেন শান্তরা।
অনুশীলন শেষে ফিল সিমন্স বলেন, “আমি ওদের একটা কথাই বলেছি, অস্ট্রেলিয়া আরও শক্তভাবে আমাদের ওপর চড়াও হবে। তাই আমাদের হয় পারফরম্যান্সের এই ধারা ধরে রাখতে হবে, না হয় আরও কিছুটা উন্নতি করতে হবে। কোনো কোনো ক্ষেত্রে যদি আমাদের ১% উন্নতিও করতে হয়, তবে তা নিশ্চিত করতে হবে। কারণ আমরা জানি অস্ট্রেলিয়া তাদের খেলার ধরন বদলাবে এবং আমাদের ওপর ঝাঁপিয়ে পড়বে।”
ডারউইনের জয়কে কোচিং ক্যারিয়ারে নিজের সেরা টেস্ট জয় হিসেবে আখ্যা দিয়ে সিমন্স জানান, প্রস্তুতি ম্যাচে মাত্র ৫৪ রানে অলআউট হওয়া কিংবা জিম্বাবুয়ে সিরিজের ব্যর্থতার পরও দল নিয়ে তার আত্মবিশ্বাস কখনোই টলেনি। অনুশীলনে খেলোয়াড়দের নিবেদনে তিনি নিশ্চিত ছিলেন যে তারা ভালো করতে চায়।
প্রথম টেস্টের একাদশে না থাকা বাঁহাতি পেসার শরীফুল ইসলাম নেটে দারুণ বল করেছেন। এ বিষয়ে সিমন্স জানান, উইনিং কম্বিনেশন ভাঙা কঠিন, তাই শরীফুলের অন্তর্ভুক্তির সিদ্ধান্ত বেশ জটিল।
টেস্ট ম্যাচ জয়ের সহজ সমীকরণ তুলে ধরে সিমন্স বলেন, “টেস্ট ক্রিকেট পাঁচ দিনের; আমার দল যদি সেই পাঁচ দিনের মধ্যে ১১ ঘণ্টা ব্যাট করতে পারে, তবে প্রতিপক্ষ দল এমনিতেই চাপে পড়ে যাবে। প্রথম ইনিংসে বড় স্কোর গড়ে প্রতিপক্ষকে চাপে ফেলাই আমাদের মূল লক্ষ্য।”
ডারউইন জয়ের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের মধ্যে যে প্রবল আবেগ তৈরি হয়েছিল, খেলোয়াড়রা অনুশীলনে সেই আবেগ পেছনে ফেলে বর্তমানে মনোযোগী হয়েছেন দেখে সন্তোষ প্রকাশ করেন এই ক্যারিবীয় কোচ। শনিবার থেকে শুরু হতে যাওয়া ম্যাকাই টেস্টেও সেই ধারাবাহিকতা ধরে রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি।




