বৃহস্পতিবার, ২০ আগস্ট, ২০২৬, ঢাকা

আর্সেনালকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর্তেতা

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২০ আগস্ট ২০২৬, ০৩:১৩ পিএম

শেয়ার করুন:

আর্সেনালকে বিশ্বের সেরা ক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করতে চান আর্তেতা

প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনালকে "বিশ্বের সেরা ক্লাবে" রূপান্তর করার ঘোষণা দিয়ে প্রতিদ্বন্দ্বী দলগুলোকে নতুন সতর্কবার্তা পাঠালেন কোচ মিকেল আর্তেতা।

শুক্রবার নবাগত দল কভেন্ট্রির বিপক্ষে ম্যাচ দিয়ে টানা দ্বিতীয়বারের মতো প্রিমিয়ার লিগ শিরোপা ধরে রাখার অভিযান শুরু করবে গানার্সরা। টানা ২২ বছর পর শিরোপাধারী হিসেবে মৌসুম শুরু করতে যাচ্ছে আর্সেনাল। এই সাফল্যকে কেবল এক মৌসুমে সীমাবদ্ধ না রেখে ক্লাবের এক দীর্ঘ অধ্যায় বা 'ডাইনেস্টি' গড়ার লক্ষ্যে এগোচ্ছেন আর্তেতা।

গত মৌসুম শেষে পেপ গার্দিওলা ম্যানচেস্টার সিটি ছেড়ে দেওয়ায় সিটির সোনালী অধ্যায়ের অবসান ঘটে বলে মনে করা হচ্ছে। যার ফলে আর্সেনালের জন্য একচ্ছত্র আধিপত্য বিস্তারের বড় সুযোগ তৈরি হয়েছে। সিটিতে গার্দিওলার সহকারী হিসেবে কাজ করা আর্তেতা এবার সিটির সেই টানা সাফল্য অর্জনের চ্যালেঞ্জই ছুঁড়ে দিয়েছেন নিজের শিষ্যদের।

স্কাই স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে আর্তেতা বলেন, “বিশ্বের সেরা ক্লাব হওয়াটাই এই ক্লাব ও মালিকদের মূল লক্ষ্য। তার জন্য প্রয়োজন সেরা অবকাঠামো, সেরা স্টেডিয়াম, সেরা সমর্থক এবং বিশ্বের সেরা স্কোয়াড ও খেলোয়াড়। আমাদের বর্তমান খেলোয়াড় এবং নতুন যাদের আমরা দলে নিয়ে আসছি, সবাইকে সাথে নিয়ে আমরা ঠিক সেই আর্সেনালই গড়ে তোলার চেষ্টা করছি।”

১৯৩০ সালের পর আর্সেনাল কখনও টানা দুটি ইংলিশ লিগ শিরোপা জিততে পারেনি। এমনকি আর্সেন ওয়েঙ্গারের বিখ্যাত 'ইনভিন্সিবল' দলও টানা দুটি লিগ শিরোপা ঘরে তুলতে পারেনি। আর্তেতা এই ইতিহাস বদলানোর লক্ষ্যকেই দলের মূল প্রেরণা হিসেবে ব্যবহার করছেন। পাশাপাশি গত মৌসুমে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পিএসজির কাছে পেনাল্টিতে হেরে যাওয়ার আক্ষেপও দলকে নতুন মৌসুমের জন্য অতিরিক্ত জ্বালানি জোগাচ্ছে।

আর্তেতা আরও যোগ করেন, “এটা অত্যন্ত কঠিন কাজ। প্রতিটি জায়গা থেকে দলকে আরও এক ধাপ ওপরে নিয়ে যেতে হবে। যখন আমি খেলোয়াড়দের চোখের দিকে তাকাই, তখন সেখানে প্রতিদিন আরও ভালো করার আগুন ও অদম্য ইচ্ছা দেখতে পাই।”

কমিউনিটি শিল্ডে ম্যানচেস্টার সিটিকে ৩-০ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের ক্ষুধার প্রমাণ আগেই দিয়ে রেখেছে গানার্সরা। নিউক্যাসল থেকে ব্রাজিলিয়ান মিডফিল্ডার ব্রুনো গিমারেস এবং ক্লাব ব্রুজ থেকে গ্রিক উইঙ্গার ক্রিস্তোস জোলিসকে দলে ভিড়িয়ে আর্সেনাল নিজেদের স্কোয়াডকে আরও শক্তিশালী করেছে। তবে সেখানেই থামছেন না আর্তেতা; অ্যাস্টন ভিলার ডিফেন্ডার এজরি কনসা এবং আতলেতিকো মাদ্রিদের স্ট্রাইকার হুলিয়ান আলভারেজকে দলে নেওয়ার বেশ কাছাকাছি রয়েছে ক্লাবটি।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর