অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম টেস্ট জয়ের আনন্দ এখনও দেশজুড়ে ছড়িয়ে আছে। কিন্তু দলের প্রধান কোচ ফিল সিমন্স চাইছেন খেলোয়াড়রা দ্রুত সেই আবেগ থেকে বেরিয়ে আসুক। তার মনে এখন একটাই কথা, সিরিজ জয়। শনিবার ম্যাকাইয়ে শুরু হতে যাওয়া দ্বিতীয় টেস্টকে সামনে রেখে আজ দলীয় অনুশীলন শেষে এসব কথাই বললেন তিনি।
বাংলাদেশিদের আবেগপ্রবণ স্বভাবের কথা উল্লেখ করে সিমন্স বলেন, ‘বাংলাদেশের মানুষ আসলে আবেগপ্রবণ। আমি সেরকম নই। তাই আমার জন্য আবেগ আটকে রাখা সহজ। তাদের জন্য কঠিন। আজকে দেখে মনে হয়েছে সবাই এখন ভালোভাবে কাজে ফিরে এসেছে।’
জয়ের পর তিন দিন পার হয়ে গেছে। সামনের ম্যাচে পুরোপুরি মনোযোগ ফেরানোর তাগিদ দিয়েছেন কোচ। তার আশা, আগামীকাল আরও নিবিড় প্রস্তুতি নিয়ে শনিবার সকালে ম্যাকাই টেস্টে নামবে দল। তিনি বলেন, ‘আমাদের তিন দিন হয়ে গেছে ম্যাচ জেতার পর। আশা করছি কালকে সবাই আরও ভালোভাবে কাজে ফিরবে এবং শনিবার সকালে পরের টেস্টে পুরো মনোযোগ দিতে পারবে।’
ডারউইনের জয়ে দলের আত্মবিশ্বাস বেড়েছে বলেও মনে করেন সিমন্স। তবে একটি জয়কে ঘিরে বাড়তি প্রত্যাশা নতুন কিছু নয় বলে মনে করিয়ে দিয়েছেন তিনি। অতীতেও টেস্ট জয়ের পর প্রত্যাশা ছিল, আবার ব্যর্থতাও এসেছে। তার কথায়, ‘আমরা আগেও বেশ কিছু টেস্ট ম্যাচ জিতেছি, তবে মাঝে আবার জিম্বাবুয়ের কাছে হেরেছিলাম। এমন প্রত্যাশা সবসময়ই থাকে। এখানে কিছু বদল আসেনি। এখন প্রত্যাশা হয়তো একটু বেশি, তবে প্রত্যাশা সবসময়ই থাকে।’
সাম্প্রতিক জয়ের সবচেয়ে বড় পাওয়া হলো দলের বাড়তি আত্মবিশ্বাস। ডারউইনে ভালো ক্রিকেট খেলেই জয় এসেছে এবং সেই আত্মবিশ্বাস নিয়েই ম্যাকাই টেস্টে নামতে চায় বাংলাদেশ। সিমন্স মনে করিয়ে দেন, ‘টেস্ট ম্যাচ জিতলে আত্মবিশ্বাস পাবেনই। আমরা ভালো খেলেছি। ভালো একটি টেস্ট ম্যাচ জিতেছি। ফলে আত্মবিশ্বাস অনেক বেশি আছে।’




