বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

ব্রাজিলের পর কেপ ভার্দের বিপক্ষে খেলবে ভারত!

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৪:৫৫ পিএম

শেয়ার করুন:

ব্রাজিলের পর কেপ ভার্দের বিপক্ষে খেলবে ভারত!

কলকাতায় ব্রাজিলের সঙ্গে প্রীতিম্যাচের উত্তেজনা যখন তুঙ্গে, তখন ভারতীয় ফুটবল সমর্থকদের জন্য আরও একটা বড় সুসংবাদ আসতে চলেছে। আফ্রিকার ছোট্ট দ্বীপরাষ্ট্র কেপ ভার্দে, যারা ২০২৬ ফিফা বিশ্বকাপে সবাইকে চমকে দিয়েছিল, তাদের বিপক্ষেই হয়তো খেলতে নামবে ভারতীয় দল।

সংবাদ সংস্থা পিটিআইয়ের সূত্র জানিয়েছে, আগামী ৩০ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে এই ম্যাচ আয়োজনের জোরালো সম্ভাবনা রয়েছে। ৩ অক্টোবর কলকাতায় ব্রাজিলের সঙ্গে হাই-ভোল্টেজ ম্যাচের আগে বা পরে কেপ ভার্দের মুখোমুখি হতে পারে ভারত। ভেন্যু ও চূড়ান্ত তারিখ এখনও ঠিক হয়নি। আলোচনা চলছে এবং নিয়মাবলীসহ অন্যান্য প্রক্রিয়া পর্যালোচনা করা হচ্ছে। 

সূত্র জানিয়েছে, বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলেই তারিখ ও মাঠ ঘোষণা করা হবে। আশা করা হচ্ছে, শিগগিরই এটি চূড়ান্ত রূপ নেবে।

কেপ ভার্দে এখন ফিফা র‍্যাংকিংয়ে ৬৪ নম্বরে। ২০২৬ বিশ্বকাপে নিজেদের অভিষেকেই তারা অসাধারণ পারফরম্যান্স দেখিয়েছে। গ্রুপ পর্বে অপরাজিত থেকে শেষ ৩২-এ জায়গা করে নেয় এই দল। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন স্পেনের বিপক্ষে গোলশূন্য ড্র, উরুগুয়ের সঙ্গে ২-২ এবং সৌদি আরবের বিপক্ষে আরেকটি গোলশূন্য ড্র করে নকআউট নিশ্চিত করেছিল তারা। রাউন্ড অব ৩২-এ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে অতিরিক্ত সময়ে ২-৩ গোলে হারলেও দুবার পিছিয়ে পড়ে সমতায় ফিরে বিশ্বচ্যাম্পিয়নদের কঠিন পরীক্ষায় ফেলে দিয়েছিল।

আইসল্যান্ডের পর দ্বিতীয় সর্বনিম্ন জনসংখ্যার দেশ এবং বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে ছোট দেশ হিসেবে কেপ ভার্দে তাদের অভিষেককে স্মরণীয় করে তুলেছে। এবার সেই দলের বিপক্ষেই ঘরের মাঠে খেলার সুযোগ পেতে পারে ভারত। সমর্থকদের জন্য এটি নিঃসন্দেহে বড় উপহার।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর