বুধবার, ১৯ আগস্ট, ২০২৬, ঢাকা

সুতারের ১০ উইকেট, ৬০০তম টেস্টে ঐতিহাসিক জয় ভারতের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ১৯ আগস্ট ২০২৬, ০৩:১১ পিএম

শেয়ার করুন:

সুতারের ১০ উইকেট, ৬০০তম টেস্টে ঐতিহাসিক জয় ভারতের

গালের মাঠে ইতিহাস গড়ল ভারত। নিজেদের ৬০০তম টেস্ট ম্যাচে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে শ্রীলঙ্কাকে ১৬৫ রানে হারিয়েছে রোহিত শর্মার দল। টেস্ট ক্রিকেটে এটি ভারতের ১৮৭তম জয়।

৩৭২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শ্রীলঙ্কা দ্বিতীয় ইনিংসে মাত্র ২০৬ রানেই গুটিয়ে যায়। এর আগে ভারত প্রথম ইনিংসে ৪৬২ রান তুলেছিল। জবাবে শ্রীলঙ্কা ২৮৪ রানে অলআউট হয়।

এই জয়ের সুবাদে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে গুরুত্বপূর্ণ ১২ পয়েন্ট পকেটে পুরেছে ভারত। ১০ ম্যাচে ৬৪ পয়েন্ট নিয়ে তারা পঞ্চম স্থানে আছে। তাদের জয়ের হার ৫৩.৩৩ শতাংশ।

পঞ্চম দিনের খেলা শুরু হয় শ্রীলঙ্কার ৪ উইকেটে ৮৪ রান নিয়ে। সকালের শুরুটা ভালোই করেছিল তারা। ধনঞ্জয় ডি সিলভা ও সোনাল দিনুশার মধ্যে ৯৫ রানের জুটি গড়ে ওঠে। কিন্তু রবিন্দ্র জাদেজা ধনঞ্জয়াকে ফেরান। এরপর মানব সুতারের দারুণ বোলিংয়ে আর বড় কোনো জুটি গড়তে পারেনি লঙ্কানরা। দলীয় সর্বোচ্চ ৮৪ রান করে দিনুশাও সুতারের বলে আউট হন। শেষ পর্যন্ত ২০৬ রানেই অলআউট হয় শ্রীলঙ্কা।

দ্বিতীয় ইনিংসে ৫৫ রান খরচ করে ৬ উইকেট নিয়েছেন সুতার। নিজের দ্বিতীয় টেস্টেই ক্যারিয়ারের প্রথম পাঁচ উইকেটের মাইলফলক স্পর্শ করেন এই স্পিনার। প্রথম ইনিংসে চার উইকেটসহ ম্যাচে মোট ১০ উইকেট তাঁর নামে। মাত্র ২৪ বছর বয়সী এই বোলার জুনে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট অভিষেক করেছিলেন। দুই ইনিংস মিলিয়ে ২১১ রান করে ম্যাচসেরা হয়েছেন দেবদূত পাডিকাল।

আগামী ২৩ আগস্ট কলম্বোর সিনহালিজ স্পোর্টস ক্লাব ক্রিকেট গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। ম্যাচটি বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে।

আপডেট পেতে ফলো করুন

Google NewsWhatsAppMessenger
সর্বশেষ
জনপ্রিয়

সব খবর