বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্ব বিক্রির এক বিতর্কিত পরিকল্পনাকে কেন্দ্র করে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে। এবার সেই সমালোচনার সুরে সোচ্চার হয়েছেন প্রিমিয়ার লিগের প্রধান নির্বাহী রিচার্ড মাস্টার্স। তাঁর মতে, এমন সিদ্ধান্ত নিয়ে ফিফা নিজেই নিজের ক্ষতি করেছে এবং সংস্থাটি যেন ‘স্ব-বিনাশের বোতাম’ চেপে দিয়েছে।
মাস্টার্স বিবিসি স্পোর্টসকে বলেছেন, ‘এটি ফিফার নিজের তৈরি করা সমস্যা। সংস্থাটি নিজেই এক আত্মঘাতী পদক্ষেপ নিয়েছে। এর ফলে যেসব জটিলতা তৈরি হয়েছে, সেগুলোর সমাধান এখন তাদেরই করতে হবে।’ তিনি স্পষ্ট করেছেন, ‘ফিফা নিজের পায়ে নিজেই কুড়াল মেরেছে।’
সম্প্রতি ফিফা তাদের সব প্রতিযোগিতার বাণিজ্যিক ও টিকিট বিক্রির স্বত্ব ব্যবস্থাপনার জন্য ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ নামে একটি নতুন প্রতিষ্ঠান গঠনের পরিকল্পনা করেছিল। এর ২১ শতাংশ শেয়ার একটি বেসরকারি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের কাছে বিক্রি করার কথা ছিল। ইনফান্তিনোর নেতৃত্বে এই উদ্যোগ নেওয়া হলেও পরে তা বাতিল করা হয়। তবুও এই পরিকল্পনাকে ঘিরে তাঁর ওপর চাপ ক্রমেই বাড়ছে।
উয়েফার নেতৃত্বে কয়েকটি কনফেডারেশন তীব্র আপত্তি জানায়। এমনকি উয়েফা ফিফার সব প্রতিযোগিতা বয়কটের হুমকিও দিয়েছিল। এর পরই পরিকল্পনাটি বাতিল হতে বাধ্য হয়। ইংলিশ ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) ইনফান্তিনোর প্রতি সমর্থন তুলে নেওয়ায় মাস্টার্স সেটিকে সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে তিনি ফুটবলকে একত্রিত করতে সক্ষম এমন একজন নতুন সভাপতি প্রার্থীর আহ্বানও জানিয়েছেন।




